হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত সময়েই হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো বাধা থাকছে না। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল […] The post হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত সময়েই হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো বাধা থাকছে না।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।
এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ১৭ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে রুল জারি করেন আদালত।
রুলে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপার দাবি ছিল, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন। তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এর আগেই ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তার যুক্তি ছিল, পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে ফল পরিবর্তনের মাধ্যমে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।
এদিকে সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। সেখানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজন এবং ১ জানুয়ারির পর ভর্তির আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়।
তবে ইউজিসির ওই বৈঠকের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে।
আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আর কার্যকর থাকছে না। ফলে বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে।
The post হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত সময়েই হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





