পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু

আগামী বছর বাণিজ্যিক উৎপাদনে রূপপুর

  • পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয় সর্বোচ্চ ৩৬০ মেগাওয়াট
  • জানুয়ারির মধ্যে উৎপাদন ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য
  • ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে শুরু হবে বাণিজ্যিক সরবরাহ

আগামী বছর বাণিজ্যিক উৎপাদনে রূপপুর
১৮ নভেম্বর, ২০২৬ ০০:০০  

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত কেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। প্রথম পর্যায়ে সর্বোচ্চ ৩৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে গ্রিডের সঙ্গে সমন্বয়, যন্ত্রপাতির কার্যকারিতা ও পরিচালনব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে। তবে এই সংযোগের মধ্য দিয়ে এখনই বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে না।

রূপপুর কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। সব পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন হলে পর্যায়ক্রমে উৎপাদনক্ষমতা বাড়ানো হবে।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “আজ আমাদের প্রথম সিনক্রোনাইজ করে আমরা গ্রিডে টেস্ট করলাম। আমরা আমাদের ট্রান্সমিশনে বিদ্যুৎ দিলাম এবং আমরা টেস্ট করে দেখলাম যে ৩৬০ মেগাওয়াট পর্যন্ত আমরা দিচ্ছি।”

গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে ‘গ্রিড সিনক্রোনাইজেশন’ পরীক্ষা চালানোর কথা জানিয়েছেন প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এ প্রক্রিয়ায় বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরের উৎপাদিত বিদ্যুতের ভোল্টেজ ও কম্পাঙ্ক জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হয়। একই সঙ্গে গ্রিড বিদ্যুৎ গ্রহণ করতে পারছে কি না, সেটিও পরীক্ষা করা হয়।

এর আগের দিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক কবীর হোসেন বলেছিলেন, গ্রিড সিনক্রোনাইজেশন একটি পরীক্ষা। তাঁর ভাষায়, “গ্রিড সিনক্রোনাইজ করলে দেখা যাবে গ্রিডের সঙ্গে নিচ্ছে কি না, যাকে দিচ্ছি সে নিচ্ছে কি না। এটা একটা টেস্ট, এটা কিন্তু বিদ্যুৎ দেয় না।”

তিনি আরও বলেন, “এই টেস্টের সময়ও বিদ্যুৎ যাবে। তো এই টেস্টটা যেহেতু ফার্স্ট টাইম যাবে, পাঁচ ঘণ্টার জন্য হোক আর ১০ ঘণ্টার জন্য হোক, তা যাবে। এটা যাওয়ার পরে টেস্ট করার পরে বোঝা যাবে, গ্রিডে দেওয়ার উপযোগী কি না।”

পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানান কবীর হোসেন।

মঙ্গলবার জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, “মাশাআল্লাহ, অল ইজ ফাইন। এখন এই মুহূর্তে ৩০০ মেগাওয়াট পর্যন্ত এনে আমরা এটা আপাতত স্টেবল করে রেখে দিয়েছি।”

তিনি জানান, এই অবস্থায় বিদ্যুৎকেন্দ্রটি এক-দুই দিন রাখা হবে। এরপর আরও পরীক্ষা চালানো হবে। কয়েক দিন পর চূড়ান্তভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। জানুয়ারির মধ্যে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে।

মানুষের ঘরে কবে বিদ্যুৎ পৌঁছাবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রথমে বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে সম্পন্ন করাই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার ৩৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিয়ে পরীক্ষা সফল হয়েছে। এটি পরবর্তী ধাপের দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে জানুয়ারির দিকে ১ হাজার থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে নেওয়া হবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডেই যুক্ত হবে।

পরীক্ষার ধাপ পেরিয়ে এগোচ্ছে রূপপুর

বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট সূত্র জানায়, পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল। তবে নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় কার্যক্রম পিছিয়ে যায়। পরে ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমতি নিয়ে গত ১১ অক্টোবর প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।

২৯ অক্টোবর ভৌত পরীক্ষার ফল বায়েরার অনুমোদন পাওয়ার পর রূপপুর প্রকল্প পরবর্তী ধাপ—‘সি স্টেজে’ প্রবেশ করে। এরপর মঙ্গলবার প্রথমবারের মতো সীমিত পরিসরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর্যায়ে পৌঁছায় কেন্দ্রটি। এ ধাপের পরীক্ষা সফল হলে কেন্দ্রটি ‘ডি স্টেজে’ যাবে, যা চূড়ান্ত ধাপ।

উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বায়েরার কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। এ জন্য পরীক্ষার ফলাফলসংবলিত প্রতিবেদন নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়ার পর উৎপাদনক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু হবে। এ সময় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহও চলবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে কয়েক মাস সময় লাগতে পারে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

প্রথম পর্যায়ে ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময়ে টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। এরপর কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

কমিশন জানিয়েছে, প্রতিটি পর্যায়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন ও জেনারেটরের কার্যক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের কার্যক্রম চালানোর জন্য বায়েরার অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর আবার গ্রিডে যুক্ত করে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে নির্মিত কেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে সমন্বয়ের মাধ্যমে রূপপুরের প্রথম ইউনিটের ট্রায়াল রান শুরু হয়। বিকাল ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রটির উৎপাদন ছিল ৩৫০ মেগাওয়াট।

গ্রিড সিনক্রোনাইজেশন হলো বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া। এর মাধ্যমে কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ভোল্টেজ ও কম্পাঙ্ক জাতীয় গ্রিডের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ যুক্ত হওয়ার অর্থ বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। বাণিজ্যিক উৎপাদনের আগে বিভিন্ন উৎপাদনক্ষমতায় যন্ত্রপাতি, নিরাপত্তাব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করতে হবে।

এর আগে গত ১১ অক্টোবর বিকাল ৩টা ৩৪ মিনিটে রূপপুরের প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার এ পর্যায়কে বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। এ পর্যায়ে চুল্লির ভেতরে পারমাণবিক জ্বালানি থেকে নিয়ন্ত্রিতভাবে তাপ উৎপন্ন হতে শুরু করে।

ওই সময় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান জানিয়েছিলেন, জাতীয় গ্রিডে সংযোগের পর বিভিন্ন উৎপাদনক্ষমতায় সাত থেকে আট মাস পর্যন্ত পরীক্ষামূলক কার্যক্রম চলতে পারে। তবে প্রতিটি পরীক্ষার ফলাফলের ওপর পরবর্তী ধাপ নির্ভর করবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, কেন্দ্রটি থেকে ২৪ ঘণ্টা সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি দেড় বছর পর নতুন পারমাণবিক জ্বালানি দিতে হবে। জ্বালানি বর্জ্য অপসারণ, নতুন জ্বালানি সংযোজন ও রক্ষণাবেক্ষণের জন্য একটি ইউনিট সর্বোচ্চ দুই মাস বন্ধ থাকতে পারে।

কেন্দ্রটির একটি ইউনিট চালু হলে বছরে ১০০ কোটি ডলারের জ্বালানি আমদানি সাশ্রয় করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে প্রকল্পটি নির্ধারিত সময়ের তুলনায় সাড়ে তিন বছর পিছিয়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, স্মার্ট গ্রিড থাকলে এ ধরনের বিদ্যুৎ যুক্ত করার ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক কম থাকত। সনাতন পদ্ধতিতে চাহিদা ও সরবরাহ ব্যবস্থাপনা পরিচালিত হওয়ায় গ্রিড বিপর্যয়ের ঝুঁকি থেকে যায়। রূপপুর থেকে বিপুল পরিমাণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। তাই গ্রিডের চাহিদা ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরীক্ষা দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে।

বর্তমানে দেশের বিদ্যুৎ সঞ্চালন গ্রিড স্মার্ট নয়। এটি মূলত চাহিদার পূর্বাভাসের ভিত্তিতে সনাতন পদ্ধতিতে পরিচালিত হয়। এরই মধ্যে বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ যুক্ত হচ্ছে, বাড়ছে সৌরবিদ্যুতের সরবরাহও। এমন পরিস্থিতিতে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হলো।

মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের মতে, শুরুর পর পরীক্ষামূলক উৎপাদন কয়েক মাস চলতে পারে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় প্রবেশ করেছে। তবে পূর্ণাঙ্গ উৎপাদন শুরু ও প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই এ স্বীকৃতির আনুষ্ঠানিকতা আসবে।

পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না বলে কেন্দ্র-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রথম ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা বা বিদ্যুৎ সরবরাহে ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

প্রকল্পের ব্যয় ও নির্মাণ ইতিহাস

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট পাবনার ঈশ্বরদীতে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে। দুই ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

২০১১ সালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি আন্তরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রকৌশল প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের মধ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি সই হয়।

প্রকল্পটির মূল মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী মেয়াদ বাড়লেও প্রকল্পের ব্যয় বাড়ানোর সুযোগ নেই। তবে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় প্রকল্পের ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক গ্রিড সংযোগ বাংলাদেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের প্রতিটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করাই এখন প্রধান লক্ষ্য।
//ডিবিটেক/আইএইচ/এসএমই/এফওপিটিই//