ঢাবিতে ককটেল বিস্ফোরণে ‘উসকানির’ অভিযোগ, কর্মচারী বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য অন্য কর্মচারীদের আর্থিক প্রলোভন দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত কর্মচারীর নাম আমানুল্লাহ আমান। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার হিসেবে কর্মরত। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা […] The post ঢাবিতে ককটেল বিস্ফোরণে ‘উসকানির’ অভিযোগ, কর্মচারী বরখাস্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য অন্য কর্মচারীদের আর্থিক প্রলোভন দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযুক্ত কর্মচারীর নাম আমানুল্লাহ আমান। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার হিসেবে কর্মরত। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আল ফেছানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘অভিযোগ ছিল, তিনি বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মচারীদের ককটেল বিস্ফোরণ ঘটানোর জন্য আর্থিক প্রলোভন দেখিয়েছেন। যাদের এমন প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা বিষয়টি আমাদের জানান। অভিযোগ পাওয়ার পরপরই আমরা প্রক্টরিয়াল টিমের সদস্যদের এস্টেট অফিসে পাঠাই।’
প্রো-ভিসি জানান, প্রক্টরিয়াল টিমের সদস্যরা এস্টেট অফিসে পৌঁছালে আমানুল্লাহ সেখান থেকে পালিয়ে যান। পরে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তী সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি জানানো হয়। তবে ওই বিজ্ঞপ্তিতে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি।
নাম প্রকাশ না করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, ওই কর্মচারীকে এখনো চূড়ান্তভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে তদন্তপ্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যায়ে তার পরিচয় প্রকাশ করা সমীচীন মনে করেনি জনসংযোগ দফতর।
তবে প্রো-ভিসি বলেন, জনসংযোগ দফতর হয়ত কর্মচারীর পরিচয়ের চেয়ে সংখ্যার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিনি অভিযুক্তের পরিচয় প্রকাশ করছেন বলেও জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির পরিচয়, পদবি কিংবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদারে মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক শেষে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক টহল, বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চৌকি স্থাপন এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) যৌথভাবে এসব কার্যক্রম বাস্তবায়ন করবে।
এ ছাড়া ক্যাম্পাসে অবস্থানকালে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরার নজরদারিও জোরদার করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। ক্যাম্পাসের শৃঙ্খলা বিঘ্নিত করা, নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চেয়েছে প্রশাসন।
মঙ্গলবার রাতের জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম,ন, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)-সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post ঢাবিতে ককটেল বিস্ফোরণে ‘উসকানির’ অভিযোগ, কর্মচারী বরখাস্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





