টুইটার কেনায় অনিয়ম: ১৫ লাখ ডলার জরিমানা দিলেন ইলন মাস্ক

টুইটার কেনায় অনিয়ম: ১৫ লাখ ডলার জরিমানা দিলেন ইলন মাস্ক
৫ মে, ২০২৬ ১৭:২২  
৫ মে, ২০২৬ ১২:৩২  

টুইটার (বর্তমানে এক্স) কেনার সময় শেয়ারের তথ্য দেরিতে প্রকাশের অভিযোগে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দায়ের করা মামলায় সমঝোতায় পৌঁছেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াই শেষে ১৫ লাখ ডলার জরিমানা প্রদানের বিনিময়ে এই বিবাদের নিষ্পত্তি হচ্ছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও ব্লুমবার্গ এই তথ্য নিশ্চিত করেছে।

মামলার নেপথ্যে যা ছিল
২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। তবে অভিযোগ ওঠে, প্রতিষ্ঠানটির ৫ শতাংশের বেশি শেয়ার কেনার তথ্য নির্ধারিত সময়ের ১১ দিন পর প্রকাশ করেছিলেন তিনি। এসইসির দাবি ছিল, তথ্য প্রকাশে এই বিলম্বের কারণে মাস্ক অন্তত ১৫ কোটি ডলার সাশ্রয় করেছেন, যা সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন করেছে।

এসইসির ইতিহাসে রেকর্ড জরিমানা
এসইসি জানিয়েছে, এই ধরনের আইন লঙ্ঘনের দায়ে ১৫ লাখ ডলারের এই জরিমানা তাদের ইতিহাসের সর্বোচ্চ। তবে সমঝোতার অংশ হিসেবে মাস্ক আনুষ্ঠানিকভাবে নিজের কোনো দোষ স্বীকার করেননি। আদালত এই রফায় অনুমোদন দিলে ২০২২ সালে শুরু হওয়া মাস্ক বনাম এসইসি লড়াইয়ের অবসান ঘটবে।

পাল্টাপাল্টি অভিযোগ
দীর্ঘ তদন্ত চলাকালীন এসইসি মাস্কের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা এবং বারবার সমন এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলেছিল। অন্যদিকে মাস্ক এসইসির তৎকালীন চেয়ারম্যান গ্যারি জেনসলারের বিরুদ্ধে ‘হয়রানির’ পাল্টা অভিযোগ আনেন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেনসলার তার পদ থেকে সরে দাঁড়ান।

বিশ্লেষকদের মতে, ১৫ লাখ ডলার মাস্কের মোট সম্পদের তুলনায় নগণ্য হলেও, এটি কর্পোরেট সুশাসনের ক্ষেত্রে একটি বড় বার্তা হিসেবে কাজ করবে।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: এনগ্যাজেট