বিসিবি’র ‘যৌন হয়রানি’ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: আইনজীবী
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। তার দাবি, যৌন হয়রানিসংক্রান্ত তদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি গোপনীয় দলিল হিসেবে সংরক্ষণের বিধান রয়েছে। তাই এটি গণমাধ্যম বা জনসমক্ষে প্রকাশের সুযোগ নেই। বুধবার (৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে […] The post বিসিবি’র ‘যৌন হয়রানি’ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: আইনজীবী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। তার দাবি, যৌন হয়রানিসংক্রান্ত তদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি গোপনীয় দলিল হিসেবে সংরক্ষণের বিধান রয়েছে। তাই এটি গণমাধ্যম বা জনসমক্ষে প্রকাশের সুযোগ নেই।
বুধবার (৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মাহিন এম রহমান বলেন, বিসিবির যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালায় এ ধরনের তদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট তথ্য গোপনীয় রাখার নির্দেশনা রয়েছে। তদন্তের সময় ভুক্তভোগী, সাক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য সামনে আসে। তাদের মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার স্বার্থেই প্রতিবেদনটি প্রকাশ না করার বিধান রাখা হয়েছে।
তিনি জানান, বিসিবির তদন্ত প্রতিবেদনটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জমা দেওয়া হয়েছিল। তখন বোর্ডের যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এ ধরনের নীতিমালা কার্যকর করার সুপারিশও করেছিল।
আইনজীবী বলেন, পরবর্তী সময়ে ২০২৬ সালের আগস্টে বিসিবি আনুষ্ঠানিকভাবে যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা গ্রহণ ও প্রকাশ করে। পাশাপাশি অভিযোগ গ্রহণ ও প্রতিকার নিশ্চিত করতে স্বতন্ত্র অভিযোগ ও প্রতিকার কমিটিও গঠন করা হয়েছে। বিসিবির ওয়েবসাইটের মাধ্যমে নারী ক্রিকেটার ও নারী কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ জানাতে পারবেন।
জাহানারা আলমের অভিযোগ প্রসঙ্গে মাহিন এম রহমান বলেন, জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম নারী দলের তৎকালীন ম্যানেজার মঞ্জুরুল আলমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। বিষয়টি গণমাধ্যমে আসার পরপরই বিসিবি তদন্ত কমিটি গঠন করে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি উভয় পক্ষের বক্তব্য ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরি করে। পরে প্রতিবেদনটি বিসিবি সভাপতির কাছে জমা দেওয়া হয়।
তদন্তের ফলাফল তুলে ধরে বিসিবির আইনজীবী বলেন, মঞ্জুরুল আলমের বিরুদ্ধে যৌন হয়রানির দুটি অভিযোগের সত্যতা পেয়েছিল তদন্ত কমিটি। তবে জাহানারা আলম অন্য কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন, সেগুলোর সত্যতা তদন্তে পাওয়া যায়নি। প্রতিবেদন পর্যালোচনার পর বিসিবির পরিচালনা পর্ষদ মঞ্জুরুল আলমকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এর ফলে বিসিবির কোনো কার্যক্রমে তিনি আর যুক্ত থাকতে পারবেন না।
মঞ্জুরুল আলমের করা রিট আবেদন প্রসঙ্গে তিনি জানান, আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আলম পৃথক দুটি রিট আবেদন করেছিলেন। উভয় মামলায় বিসিবির পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন। পরে হাইকোর্টের দুটি পৃথক বেঞ্চই তাঁর আবেদন খারিজ করে দেন। শুনানির সময় তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছিল এবং আদালত তা পর্যালোচনা করেন।
এ ছাড়া যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারসংক্রান্ত বিষয়ে একজন নারী অ্যাথলেটের করা আরেকটি রিট আবেদন হাইকোর্টে বিচারাধীন রয়েছে বলেও জানান মাহিন এম রহমান। ওই মামলায় বিসিবিকে পক্ষভুক্ত করা হয়েছে। মামলাটিতে জারি করা রুলের শুনানি এখনো নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে আদালতকে তদন্ত প্রতিবেদনসহ বিসিবির গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হবে বলে জানান তিনি।
The post বিসিবি’র ‘যৌন হয়রানি’ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: আইনজীবী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





