ঢাকায় অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তির সমন্বয়ের বার্তা নিয়ে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০। এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মার্কেটিং: হিউম্যান + টেক’। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের আহ্বানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সৌজন্যে এবং এসিআই মটরস […] The post ঢাকায় অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকায় অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
৪ নভেম্বর, ২০২৬ ১৩:০০  

মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তির সমন্বয়ের বার্তা নিয়ে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০। এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মার্কেটিং: হিউম্যান + টেক’।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের আহ্বানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সৌজন্যে এবং এসিআই মটরস লিমিটেডের সঞ্চালনায় আয়োজিত ফোরামটির কো-হোস্ট ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এতে অংশীদার ছিল ব্র্যাক ইউনিভার্সিটি ও ব্র্যাক বিজনেস স্কুল।

আন্তর্জাতিক এ আয়োজনে অংশ নেন দেশি-বিদেশি শীর্ষ মার্কেটিং পেশাজীবী, শিক্ষাবিদ, সরকারি প্রতিনিধি ও খাত সংশ্লিষ্টরা। আলোচনায় গুরুত্ব পায় মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ভোক্তার আস্থা, নৈতিকতা এবং মানুষের সৃজনশীলতার ভূমিকা।

ফোরামে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ফিলিপ কটলার। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসার দক্ষতা বৃদ্ধি, গ্রাহকের চাহিদা বোঝা, বাজারের সুযোগ শনাক্ত এবং বিক্রি ও মুনাফার পূর্বাভাস দিতে সহায়তা করতে পারে। তবে প্রযুক্তি যেন মানুষের সক্ষমতাকে প্রতিস্থাপন না করে, বরং সহায়তা করে, সেদিকে গুরুত্ব দিতে হবে। মার্কেটিংয়ে মানুষের সৃজনশীলতা, তদারকি ও সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।

ওয়ার্ল্ড মার্কেটিং ফোরামের সহ-প্রতিষ্ঠাতা হারমাওয়ান কারতাজায়া বলেন, সফল মার্কেটিংয়ের জন্য প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, আস্থা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয় জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন ব্যবসায়িক সুযোগ ও উন্নত গ্রাহক অভিজ্ঞতা তৈরি করলেও তা পরিচালিত হতে হবে মানুষের দায়িত্ববোধ দিয়ে।

দুদিনের আয়োজনে ছিল ১০টি কি-নোট সেশন, দুটি কেস স্টাডি ও দুটি প্যানেল আলোচনা। আলোচনায় উঠে আসে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা এবং মার্কেটিংয়ে প্রযুক্তির ভবিষ্যৎ।

এছাড়া ফোরামে উপস্থাপন করা হয় ‘দ্য ঢাকা ডিক্লারেশন: মার্কেটিং ফর গ্লোবাল গুড-ওয়াই ২০৩০ অ্যান্ড বিয়ন্ড’। ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের উদ্যোগে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মার্কেটিং ফেডারেশন ও কনফেডারেশনের যৌথ অংশগ্রহণে ঘোষণাটি গৃহীত হয়। এতে ৫৪টি দেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক কল্যাণে দায়িত্বশীল মার্কেটিং চর্চা, নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অঙ্গীকার তুলে ধরে।

দ্বিতীয় দিনের কি-নোটে বক্তব্য দেন ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। এছাড়া দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার মনস্তাত্ত্বিক প্রভাব, গ্লোকাল মার্কেটিং, উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং প্রযুক্তি ব্যবহারে প্রয়োজনীয় নীতিমালা নিয়ে আলোচনা করেন।

ফোরামের বিভিন্ন সেশনে আরও অংশ নেন গুগল, এশিয়া মার্কেটিং ফেডারেশন, আফ্রিকান মার্কেটিং কনফেডারেশন ও ইউরোপিয়ান মার্কেটিং কনফেডারেশনের প্রতিনিধিসহ দেশি-বিদেশি শিক্ষাবিদ ও শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

আলোচনার মূল বার্তা ছিল- কৃত্রিম বুদ্ধিমত্তা মার্কেটিংয়ের ভবিষ্যৎ বদলে দিলেও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য মানুষের বিচারবুদ্ধি, নৈতিকতা, সৃজনশীলতা ও ভোক্তার আস্থা বজায় রাখা জরুরি। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুদিনের এ আন্তর্জাতিক আয়োজন।

The post ঢাকায় অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.