রংপুরে পৌর ভবনের ছাদ ধসে শ্রমিক নিহতের ঘটনায় মামলা, পৌর সচিব গ্রেফতার

রংপুর: রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর পীরগঞ্জ পৌরসভার সচিব আবদুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে নিহত শ্রমিক আছাদুলের বাবা ঠান্ডা মন্ডল বাদী হয়ে পীরগঞ্জ থানায় এ মামলা করেন। এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসনের […] The post রংপুরে পৌর ভবনের ছাদ ধসে শ্রমিক নিহতের ঘটনায় মামলা, পৌর সচিব গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | E

রংপুরে পৌর ভবনের ছাদ ধসে শ্রমিক নিহতের ঘটনায় মামলা, পৌর সচিব গ্রেফতার
১৫ অক্টোবর, ২০২৬ ১১:০০  

রংপুর: রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর পীরগঞ্জ পৌরসভার সচিব আবদুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে নিহত শ্রমিক আছাদুলের বাবা ঠান্ডা মন্ডল বাদী হয়ে পীরগঞ্জ থানায় এ মামলা করেন।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহত দুই শ্রমিক হলেন-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঠান্ডা মণ্ডলের ছেলে আছাদুল হক (২৫) এবং রংপুরের স্থানীয় বাসিন্দা শিহাব উদ্দিন (২২)। দুর্ঘটনায় আরও চার থেকে পাঁচজন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের মধ্যে বাবলা মিয়া (৩০), সেলিম মিয়া (৩০), নয়ন মিয়া (২৪) ও লিটন মিয়া (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলায় পৌরসভার প্রকৌশলী, মূল ঠিকাদার, সাব-ঠিকাদার ও ভবন তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে অন্য আসামিরা গা-ঢাকা দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুমকে আহ্বায়ক করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এবং রংপুরের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি)। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকীউল বারী বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমি নিজেও রয়েছি। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়া হবে।’

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘দুই শ্রমিক নিহতের ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এরই মধ্যে পৌরসভার সচিবকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর বিকেল ৫টার দিকে উপজেলার আরাজী গঙ্গারামপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন তিনতলা পৌর ভবনের ছাদের সাটারিং ভেঙে পড়ে। এতে কাজ করতে থাকা ১৩ জন শ্রমিকের মধ্যে কয়েকজন চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ‘ভিশন ২০২০’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির নির্মাণকাজ করছিল। শুরু থেকেই নির্মাণকাজে নানা অনিয়মের অভিযোগ ছিল। সাটারিংয়ে ব্যবহৃত বাঁশ ও কাঠ অত্যন্ত পুরোনো ও নিম্নমানের হওয়ায় এবং অতিরিক্ত বোঝা সহ্য করতে না পেরে হঠাৎ তা ধসে পড়ে। কাজ চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠান বা পৌরসভার কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা তদারককারী প্রকৌশলী সেখানে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য নুরুল আমীন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১৩ অক্টোবর রাতে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

The post রংপুরে পৌর ভবনের ছাদ ধসে শ্রমিক নিহতের ঘটনায় মামলা, পৌর সচিব গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.