রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার
রাজবাড়ী: নিখোঁজের চারদিন পর দাদশী ইউনিয়নের ধুলদী রঘুনাথপুর এলাকায় একটি বাগানের ভেতরের ডোবা থেকে চৌধুরী ফুয়াদ হাসান রোহান (১৯) নামে এক কলেজছাত্রের পেটকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বাগানের ভেতরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফুয়াদ হাসান ওই এলাকার মো. ফরহাদ চৌধুরীর ছেলে। পরিবার […] The post রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainme

রাজবাড়ী: নিখোঁজের চারদিন পর দাদশী ইউনিয়নের ধুলদী রঘুনাথপুর এলাকায় একটি বাগানের ভেতরের ডোবা থেকে চৌধুরী ফুয়াদ হাসান রোহান (১৯) নামে এক কলেজছাত্রের পেটকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বাগানের ভেতরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফুয়াদ হাসান ওই এলাকার মো. ফরহাদ চৌধুরীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর বিকেলে নিজ বাড়ি ধুলদী রঘুনাথপুর থেকে কামালদিয়াকান্দির উদ্দেশে পায়ে হেঁটে বের হন ফুয়াদ। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ৬ অক্টোবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা বাগানের ভেতরের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে কলেজছাত্র রোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাগানের ভেতরের একটি ডোবার মধ্যে বস্তাবন্দি অবস্থায় ছিল। গত ৫ অক্টোবর থেকে রোহান নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। প্রযুক্তির সহায়তাসহ বিভিন্নভাবে বিষয়টি নিয়ে কাজ করছিল পুলিশ। বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘মরদেহের পেটে কাটার চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মুনীর হোসেন। এ সময় জেলা পুলিশ, ডিবি পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তার সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার রহস্য উদঘাটনে তারা কাজ করছেন।
The post রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





