বাংলাদেশকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার প্রস্তাব

সাইবার অপরাধ দমনে সহায়তা করবে চীন

  • বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন।
  • প্রশিক্ষণ, কারিগরি ও লজিস্টিক সহায়তার পাশাপাশি তথ্য বিনিময়ে গুরুত্ব।
  • টেলিকমভিত্তিক প্রতারণা দমনে যৌথভাবে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা।

সাইবার অপরাধ দমনে সহায়তা করবে চীন
৭ অক্টোবর, ২০২৬ ০০:৩৫  
৭ অক্টোবর, ২০২৬ ১৫:২০  

পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ৬ অক্টোবর, মঙ্গলবার অনুষ্ঠিত সাক্ষাতে সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, তথ্য বিনিময় এবং আইনশৃঙ্খলা সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পেয়েছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সাইবার অপরাধ প্রতিরোধ ও দমন, তথ্য বিনিময় এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে।

এ ক্ষেত্রে সাইবার অপরাধসংক্রান্ত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে টেলিকমভিত্তিক প্রতারণাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ ও চীনের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। প্রয়োজনীয় ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করতে পারে—এমন সম্ভাবনাও আলোচনায় আসে।

ভবিষ্যতে সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। পাশাপাশি প্রশিক্ষণ ও কারিগরি সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/বিএনএন/এসআই/সিপিইউ//