১৮০টির বেশি দেশে অডিওবুকের সেবা উন্মুক্ত করল স্পটিফাই
জনপ্রিয় ডিজিটাল মিউজিক স্ট্রিম প্ল্যাটফর্ম স্পটিফাই বিশ্বজুড়ে তাদের অডিওবুক সেবার ব্যাপক সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়াসহ বিশ্বের ১৮০টিরও বেশি নতুন বাজারে এই সেবা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে নতুন করে প্রায় ৭৫ কোটি ব্যবহারকারী স্পটিফাইয়ের অডিওবুক শোনার সুযোগ পাবেন।
এর আগে এই সেবাটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জার্মানির মতো নির্দিষ্ট কিছু ইংরেজিভাষী দেশের বাজারে সীমাবদ্ধ ছিল।
বৈশ্বিক অডিওবুক বাজারে প্রধান প্রতিযোগী অ্যামাজনের অডিবলসহ অন্যান্য অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা জোরদার করতেই স্পটিফাই কর্তৃপক্ষ এমন বড় পদক্ষেপ নিয়েছে।
বিশাল সংগ্রহের সঙ্গে বিশেষ সাবস্ক্রিপশন সুবিধা
নতুন বাজারগুলোর কথা মাথায় রেখে স্পটিফাই তাদের সংগ্রহে ৩ লাখ ৫০ হাজারের বেশি অডিওবুক যুক্ত করেছে, যা ১২০টিরও বেশি ভাষায় উপভোগ করা যাবে।
আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা প্ল্যানেটা ও মন্দাদোরিসহ বিশ্বের ৩০০টিরও বেশি প্রকাশকের সঙ্গে চুক্তি করে তাদের এই বিশাল সংগ্রহ তৈরি করা হয়েছে। যেমন স্পেনে সেবা চালু করায় সে দেশের পাঠকেরা ৪৫ হাজারের বেশি স্প্যানিশ ভাষার অডিওবুক শুনতে পাবেন।
বিভিন্ন দেশে প্রিমিয়াম গ্রাহকেরা মাসে ১২ ঘণ্টা পর্যন্ত অডিওবুক শোনার সুযোগ পাবেন। তা ছাড়া এককভাবে 'অডিওবুক প্লাস' সাবস্ক্রিপশন নিলে মাসে ১৫ ঘণ্টা অডিওবুক শোনার সুবিধা থাকছে। আগ্রহীরা চাইলে প্রতিটি বই আলাদাভাবেও কিনে নিতে পারবেন।
নতুন উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
স্পটিফাইয়ের দেওয়া তথ্যমতে, গত এক বছরে তাদের অডিওবুকের মাসিক শ্রোতার সংখ্যা প্রায় ৪০ শতাংশ এবং শোনার সময় ৩০ শতাংশ বেড়েছে। গত বছর চালু হওয়া 'অডিওবুক প্লাস' সেবার গ্রাহকসংখ্যা ইতিমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে।
নতুন অডিওবুক সহজে খুঁজে পাওয়ার জন্য সম্প্রতি জনপ্রিয় বইয়ের তালিকা বা 'অডিওবুক চার্ট' যুক্ত করা হয়েছে। এ ছাড়া লেখকেরা যাতে সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের বই অডিওবুকে রূপান্তর করতে পারেন, সে জন্য একটি বিশেষ টুল চালু করা হয়েছে।
কাগজের বইয়ের পৃষ্ঠা স্ক্যান করে সরাসরি সেখান থেকে অডিওবুক শোনার 'পেজ ম্যাচ' ফিচারটিও প্রতি মাসে ব্যবহার করছেন প্রায় ১০ লাখ মানুষ। এসব আধুনিক প্রযুক্তির সংযোজনে বিশ্বজুড়ে ডিজিটাল অডিওর বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





