দ্বিতীয় দিনে পাঁচ রুদ্ধদ্বার সেশন

এআই-গণতন্ত্রে বে অব বেঙ্গল কনভারসেশন

  • এআই, গণতন্ত্র, জলবায়ু ও বাণিজ্য নিয়ে দ্বিতীয় দিনের আলোচনা
  • রাষ্ট্রযন্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিশেষ সেশন
  • বৈশ্বিক ক্ষমতা, নিরাপত্তা ও গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে সংলাপ

এআই-গণতন্ত্রে বে অব বেঙ্গল কনভারসেশন
৪ অক্টোবর, ২০২৬ ১০:৪৮  

কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে রাষ্ট্রযন্ত্র ও শাসনব্যবস্থাকে বদলে দিতে পারে, গণতন্ত্রের ভবিষ্যৎ কোন পথে যাবে এবং প্রযুক্তি, জলবায়ু ও বৈশ্বিক ক্ষমতার পরিবর্তনের মধ্যে গণমাধ্যমের ভূমিকা কী হবে—এসব প্রশ্নকে সামনে রেখে রাজধানীর পান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর দ্বিতীয় দিনের সংলাপ। ৪ অক্টোবর, রোববার সকাল পৌনে ১০টা থেকে আমন্ত্রিত অংশগ্রহণকারীদের নিয়ে একযোগে পাঁচটি রুদ্ধদ্বার সেশন শুরু হয়। তিন দিনের আন্তর্জাতিক এই আয়োজনে প্রযুক্তি, গণতন্ত্র, নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর ও বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে।

গ্র্যান্ড বলরুমে সকাল ১১টায় ‘ফাইভ সিজ, ওয়ান গ্যাদারিং স্টর্ম’ শীর্ষক কৌশলগত বক্তব্য দেবেন ভারতের সাবেক পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবর। এরপর সকাল ১১টা ২০ মিনিটে ‘দ্য ডিপ্লোম্যাটিক লেন্স’ পর্বে বক্তব্য দেবেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সকাল ১১টা ৩০ মিনিটে নেতৃত্ব ও যোগাযোগ নিয়ে কথা বলবেন ভারতের কমেডিয়ান ও নির্বাহী প্রশিক্ষক পাপা সিজে।

দুপুর ১২টা ১০ মিনিটে ‘হু গেটস টু লিড?’ শীর্ষক গ্র্যান্ড কনভারসেশনে স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব নিয়ে আলোচনা হবে। এতে অংশ নেবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ, ইউএন উইমেনের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, নির্বাচনী সংস্কার কমিশনের সাবেক সদস্য মো. আব্দুল আলীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রড্রিকস। সঞ্চালনা করবেন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ও নির্বাচন বিশেষজ্ঞ ক্যাথরিন এম সিসিল।

এরপর দুপুর ১টা ১০ মিনিটে বক্তব্য দেবেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। দুপুর ১টা ২০ মিনিটে ‘ডু উই নো হাউ টু গভর্ন?’ শীর্ষক ক্যাটালিস্ট পর্বে সুশাসন নিয়ে কথা বলবেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

প্রযুক্তি ও রাষ্ট্র পরিচালনার সম্পর্ক নিয়ে দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সেশনটি হবে দুপুর ২টা ৩০ মিনিটে। ‘হু ডিসাইডস হোয়েন দ্য মডেল ডিসাইডস?’ শীর্ষক এই সেশনে রাষ্ট্রযন্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা হবে। এতে বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ, শ্রীলঙ্কার ডিজিটাল অর্থনীতি মন্ত্রণালয়ের সচিব ওয়ারুনা শ্রী ধনপালা এবং এশিয়া ফাউন্ডেশনের ইনসাইটওয়ার্কসের নির্বাহী পরিচালক নিকোলা নিক্সন। সঞ্চালনা করবেন এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সল বিন সিরাজ।

বিকেল ৩টা ৩০ মিনিটে ‘বিটউইন পাওয়ার অ্যান্ড প্রিন্সিপল’ শীর্ষক বে অব বেঙ্গল লেকচার দেবেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। এর ২০ মিনিট পর বিকেল ৩টা ৫০ মিনিটে ‘জার্নালিজম আফটার দ্য টার্নিং পয়েন্ট’ বিষয়ে বক্তব্য দেবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

দিনের শেষ মূল সেশন শুরু হবে বিকেল ৪টায়। ‘দ্য ডেমোক্রেসি কনভারসেশন’ শীর্ষক লিডারশিপ ফোরামে অংশ নেবেন ভারতের ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজের প্রেসিডেন্ট অশোক সাজ্জানহার, সিপিডির ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা, লাটভিয়ার সাবেক সংসদ সদস্য সের্গেজস পোটাপকিনস এবং মালয়েশিয়ার সাবেক মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন। সঞ্চালনা করবেন নেপালের জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বাস বরাল।

এবারের বে অব বেঙ্গল কনভারসেশনে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়েছেন। বিভিন্ন সেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হচ্ছে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত এ সংলাপের এটি পঞ্চম আসর। ৩ অক্টোবর, শনিবার সকালে তিন দিনের আন্তর্জাতিক এই সংলাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। সংলাপ চলবে ৫ অক্টোবর, সোমবার পর্যন্ত।
//ডিবিটেক/ডিপিও/বিপিসি/এমআইএম//