মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় পোশাক

পিরোজপুর: জেলার কচা নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও সদর থানা পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত সন্দেহে ট্রলারটি জব্দ করা হয়। তবে অভিযানের সময় ট্রলারে থাকা মাঝিসহ ৮ থেকে ১০ জন পালিয়ে গেছে। শনিবার (৩ অক্টোবর) ভোররাতে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা […] The post মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় পোশাক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় পোশাক
৩ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

পিরোজপুর: জেলার কচা নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও সদর থানা পুলিশ।

এ সময় চোরাচালানে ব্যবহৃত সন্দেহে ট্রলারটি জব্দ করা হয়। তবে অভিযানের সময় ট্রলারে থাকা মাঝিসহ ৮ থেকে ১০ জন পালিয়ে গেছে।

শনিবার (৩ অক্টোবর) ভোররাতে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা পুরাতন ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ড ও পিরোজপুর সদর থানা পুলিশের যৌথ অভিযানে ট্রলারটি আটক করা হয়।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে পাথরঘাটা এলাকা থেকে একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে কোস্ট গার্ড। পরে পিরোজপুর সদর থানা পুলিশের সহযোগিতায় কচা নদীর কুমিরমারা এলাকায় ট্রলারটি আটক করা হয়। এ সময় ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।

ওসি বলেন, ট্রলারটিতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে ট্রলার থেকে পণ্যগুলো খালাস করে তালিকা তৈরির কাজ চলছে। উদ্ধার হওয়া পণ্যের সঠিক পরিমাণ ও আনুমানিক মূল্য নির্ধারণের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ট্রলার আটকের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার করা পণ্যগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এগুলো দেশের কোথায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উদ্ধার হওয়া পণ্যের পূর্ণাঙ্গ তালিকা ও মূল্য নির্ধারণ শেষে চোরাচালানের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

The post মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় পোশাক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.