হাইকোর্টের আদেশ পেয়েও স্কুলে যেতে পারছেন না প্রধান শিক্ষক
সাতক্ষীরা: হাইকোর্টের আদেশে দায়িত্বে ফিরেছেন সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেক গাজী। তবে দায়িত্বে ফেরার পরও নিজের কক্ষে বসে দাফতরিক কাজ করতে পারছেন না তিনি। টানা দুই দিন কক্ষের তালা পরিবর্তন করায় বিদ্যালয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হাইকোর্টের আদেশের কপি নিয়ে বিদ্যালয়ে যান প্রধান […] The post হাইকোর্টের আদেশ পেয়েও স্কুলে যেতে পারছেন না প্রধান শিক্ষক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: হাইকোর্টের আদেশে দায়িত্বে ফিরেছেন সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেক গাজী। তবে দায়িত্বে ফেরার পরও নিজের কক্ষে বসে দাফতরিক কাজ করতে পারছেন না তিনি। টানা দুই দিন কক্ষের তালা পরিবর্তন করায় বিদ্যালয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হাইকোর্টের আদেশের কপি নিয়ে বিদ্যালয়ে যান প্রধান শিক্ষক। সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলামকে আদালতের কাগজপত্র দেখিয়ে তিনি প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন এবং দাফতরিক কাজ শুরু করেন। এ সময় শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ওই দিন তিনি স্বাভাবিকভাবে দাফতরিক কাজ ও প্রয়োজনীয় কাগজপত্রে সই করেন বলে জানান।
প্রধান শিক্ষকের অভিযোগ, মঙ্গলবার রাতেই তার কক্ষের তালা পরিবর্তন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এসে তিনি আবারও তালা পরিবর্তন দেখতে পান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যালয়ে এলেও নিজের কক্ষে ঢুকতে পারেননি। তার দাবি, কক্ষের ভেতরে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাগজপত্র ও আদালতের নথি রয়েছে।
প্রধান শিক্ষক মো. আবদুল মালেক গাজী বলেন, হাইকোর্টের আদেশের কপি নিয়ে তিনি বিদ্যালয়ে এসে দায়িত্ব পালন করেছেন এবং সহকারী প্রধান শিক্ষককে কাগজপত্র দেখিয়েছেন। এরপরও রাতে তাঁর কক্ষের তালা পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে তালা পরিবর্তনের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে প্রধান শিক্ষককে জানানো হয় যে সভাপতির সঙ্গে কথা হয়েছে এবং সভাপতি কক্ষের চাবি চেয়েছেন। প্রধান শিক্ষক চাবি না দেওয়ায় পরে তালা পরিবর্তন করা হয়। রাতে তালা পরিবর্তনের সময় তিনি ও কমিটির সদস্য করিব আহমেদ উপস্থিত ছিলেন বলেও জানান।
সহকারী প্রধান শিক্ষক আরও বলেন, সভাপতির পরামর্শে শিক্ষক প্রতিনিধি ও নৈশপ্রহরীর সঙ্গে কথা বলে তালা পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে প্রধান শিক্ষককে সভাপতির সঙ্গে দেখা করে বিষয়টি সমাধান করতে বলা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির নেকাসভাপতি ও বিএনপি নেতা কামরুজ্জামান বলেন, প্রধান শিক্ষকের হাইকোর্টের আদেশের কপি তার কাছে দেওয়া হয়নি। তিনি কপি পেলে প্রধান শিক্ষককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।
সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বলেন, প্রধান শিক্ষক হাইকোর্টের আদেশের ভিত্তিতে দায়িত্বে থাকার কথা জানিয়ে তার দফতরে চিঠি দিয়েছেন। তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদসংক্রান্ত বিষয়ে তার দফতরে কোনো চিঠি আসেনি। রাতে প্রধান শিক্ষকের কক্ষের তালা পরিবর্তনের বিষয়েও তিনি প্রশ্ন তুলে বলেন, কোনো শিক্ষক রাতের বেলায় এসে কেন তালা পরিবর্তন করবেন?
প্রধান শিক্ষক মো. আবদুল মালেক গাজীর করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। আদালতের আদেশে ১৬ আগস্ট ২০২৬ তারিখে তার বিরুদ্ধে দেওয়া নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর বিদ্যালয়ে গিয়ে দায়িত্ব পালনের কথা জানান তিনি।
দায়িত্বে ফেরার পরই প্রধান শিক্ষকের কক্ষের তালা পরিবর্তনের ঘটনায় বিদ্যালয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। আদালতের আদেশ অনুযায়ী দায়িত্বে ফেরার দাবি প্রধান শিক্ষকের; অন্যদিকে তালা পরিবর্তনের বিষয়ে সহকারী প্রধান শিক্ষক ও বিদ্যালয় সভাপতির বক্তব্যে ভিন্নতা রয়েছে। ফলে কার নির্দেশে ও কী কারণে কক্ষের তালা পরিবর্তন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
The post হাইকোর্টের আদেশ পেয়েও স্কুলে যেতে পারছেন না প্রধান শিক্ষক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





