হুয়াওয়ের ‘মেট ৯০’ সিরিজ স্মার্টফোন উন্মোচন
মার্কিন কড়া নিষেধাজ্ঞা ও সেমিকন্ডাক্টর সরবরাহের সংকট সত্ত্বেও নিজেদের তৈরি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘মেট ৯০’ সিরিজ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা এই সিরিজে সম্পূর্ণ নতুন চিপ স্থাপত্য ও অ্যান্ড্রয়েডমুক্ত নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হারমোনিওএস ৭’ ব্যবহার করা হয়েছে।
মেট ৯০ প্রো ম্যাক্স মডেলে যুক্ত করা হয়েছে শক্তিশালী ‘কিরিন ৯০৫০ প্রো’ প্রসেসর, যা ‘লজিকফোল্ডিং’ নামক বিশেষ ত্রিমাত্রিক ওয়্যারিং প্রযুক্তিতে তৈরি। প্রচলিত সমতল নকশার বদলে বহুমাত্রিক উপায়ে চিপ তৈরি করায় প্রসেসরের গতি ও সক্ষমতা বহুগুণ বেড়েছে, যা আগের মেট ৮০ সিরিজের চেয়ে প্রায় ৩১ শতাংশ উন্নত পারফরম্যান্স নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে উন্নত চিপ তৈরির আধুনিক প্রযুক্তি ব্যবহারে বাধা থাকায় হুয়াওয়েকে দেশীয় ডিইউভি লিথোগ্রাফির ওপর নির্ভর করতে হচ্ছে।
প্রতিষ্ঠানটির কনজুমার বিজনেস প্রধান রিচার্ড ইউ জানান, বাজারে মেমোরি চিপ ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে প্রতিটি সেটে প্রায় ২০০ ডলার অতিরিক্ত খরচ যুক্ত হয়েছে। নতুন এই সিরিজে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের ‘মেট ৯০ প্রো ম্যাক্স’ মডেলের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ ইউয়ান (প্রায় ১,৪৯১ ডলার)। এ ছাড়া স্ট্যান্ডার্ড ও প্রো মডেলের প্রাথমিক দাম যথাক্রমে ৫,৯৯৯ ও ৬,৯৯৯ ইউয়ান নির্ধারণ করা হয়েছে।
অ্যান্ড্রয়েডনির্ভরতাহীন হারমোনিওএস ৭ ইকোসিস্টেমে ইতিমধ্যে সাড়ে ৪ লাখের বেশি অ্যাপ ও প্রযুক্তিগত সেবা যুক্ত হয়েছে। চীনে ফোল্ডেবল ডিভাইসের বাজারে প্রায় ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে হুয়াওয়ে।
এ ছাড়া সম্প্রতি প্রকাশিত অ্যাপলের ‘আইফোন ডুও’ ফোল্ডেবল স্মার্টফোনের প্রতিযোগিতাকেও স্বাগত জানিয়েছেন রিচার্ড ইউ। ভৌগোলিক নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক প্রতিবন্ধকতার মধ্যেও নিজস্ব প্রযুক্তি, প্রসেসর ও সফটওয়্যারের জোড়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারে হুয়াওয়ে যে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, মেট ৯০ সিরিজ তারই প্রমাণ।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





