ভারতে যাত্রা শুরু করলো ‘অ্যাপল পে’

ভারতে যাত্রা শুরু করলো ‘অ্যাপল পে’
১ অক্টোবর, ২০২৬ ১৩:৫৯  

বিশ্বের বৃহত্তম প্রযুক্তিবান্ধব ও ডিজিটাল অর্থ লেনদেনের অন্যতম বড় বাজার ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের পেমেন্ট সেবা ‘অ্যাপল পে’। 

ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এই ডিজিটাল পেমেন্ট সেবা উন্মোচিত হয়েছে। 

প্রাথমিক পর্যায়ে অ্যাক্সিস ব্যাংকের কেবল ভিসা ও মাস্টারকার্ড নেটওয়ার্কের ক্রেডিট কার্ডধারীরা অ্যাপল পে ব্যবহারের সুবিধা পাবেন। 

তবে ভারতের নিজস্ব ‘রুপে’ কার্ডগুলো আপাতত এই সেবার বাইরে রাখা হয়েছে। বর্তমানে ১ কোটি ৬৩ লাখের বেশি ক্রেডিট কার্ড গ্রাহক থাকা অ্যাক্সিস ব্যাংকই ভারতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সেবাটি প্রদান করছে।

অ্যাপল পে ব্যবহারকারীরা আইফোন, অ্যাপল ওয়াচ কিংবা আইপ্যাডে অ্যাপল ওয়ালেট বা অ্যাক্সিস ব্যাংকের মোবাইল অ্যাপের সাহায্যে পিন বা কোনো ওটিপি ছাড়াই ‘ফেস আইডি’ বা ‘টাচ আইডি’-র মাধ্যমে অতি দ্রুত কনট্যাক্টলেস লেনদেন করতে পারবেন। 

এতদিন বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতি হওয়া সত্ত্বেও ভারতে অ্যাপল পে অনুপস্থিত ছিল। সেবাটির ব্যপ্তি বাড়াতে অ্যাপল কর্তৃপক্ষ এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাংকের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে। 

ভারতের ক্যাশলেস ভবিষ্যৎ ও নিরাপত্তা প্রসঙ্গে অ্যাপল পে-র ভাইস প্রেসিডেন্ট জেনিফার বেইলি জানান, ভারতীয় ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও প্রাইভেসির মান বজায় রেখে এই সেবা পৌঁছে দিতে তারা দারুণ উৎসাহিত।

ইউপিআই প্রতিযোগিতা ও বাজার সম্ভাবনা
আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ডিজিটাল লেনদেনের প্রায় ৮৪ শতাংশই নিয়ন্ত্রিত হয় তাদের নিজস্ব প্রযুক্তি অবকাঠামো ‘ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআই এর মাধ্যমে। 

পেমেন্ট সেবায় ইউপিআইয়ের একচ্ছত্র আধিপত্য সত্ত্বেও অ্যাপল তাদের নিজস্ব সুরক্ষিত ইকোসিস্টেম ও প্রিমিয়াম গ্রাহকদের লক্ষ্য করে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে। 

ভারতসহ উদীয়মান অর্থনৈতিক অঞ্চলে অ্যাপল পে-র এই উপস্থিতি দক্ষিণ এশিয়ার ফিনটেক ও প্রযুক্তি খাতের বাজারে প্রতিযোগিতা আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি     ।     সূত্র: রয়টার্স