আর্থ অবজারভেশন গবেষণায় নতুন উদ্যোগ

বিএসসিএল-চবিতে স্যাটেলাইট প্রযুক্তি সহযোগিতা

  • আর্থ অবজারভেশন স্যাটেলাইট নিয়ে যৌথ গবেষণা ও প্রশিক্ষণ হবে
  • স্যাটেলাইট ডেটা বিশ্লেষণে চবির গবেষণা সক্ষমতা কাজে লাগাবে বিএসসিএল
  • সমুদ্র পর্যবেক্ষণ ও ব্লু ইকোনমিতে প্রযুক্তির ব্যবহার বাড়বে

বিএসসিএল-চবিতে স্যাটেলাইট প্রযুক্তি সহযোগিতা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৯  

বাংলাদেশের স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়ন, ভবিষ্যৎ আর্থ অবজারভেশন (EO) স্যাটেলাইট ব্যবস্থা এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রযুক্তি, স্যাটেলাইট ডেটা ও ইমেজ প্রক্রিয়াকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংভিত্তিক গবেষণা, সমুদ্র পর্যবেক্ষণ, ব্লু ইকোনমি এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার  এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান এবং বিএসসিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এতে স্বাক্ষর করেন।

সমঝোতার অন্যতম লক্ষ্য হলো বিএসসিএলের ভবিষ্যৎ আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা উন্নয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের Satellite Ocean Observation and Data Innovation Center (SODIC-CU)-এর Ocean Satellite Ground Station এবং গবেষণা সক্ষমতা কাজে লাগানো।

এ সহযোগিতার আওতায় বিএসসিএলের প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আর্থ অবজারভেশন স্যাটেলাইটের তথ্য ব্যবহারে তাদের কারিগরি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে স্যাটেলাইট ডেটা ও ইমেজ প্রক্রিয়াকরণ এবং এআই ও মেশিন লার্নিংভিত্তিক গবেষণায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার হবে।

এ ছাড়া আন্তর্জাতিক আর্থ অবজারভেশন কর্মসূচিতে অংশগ্রহণ, যৌথ প্রকল্পে আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের সম্ভাবনা অনুসন্ধান এবং বাংলাদেশের ভবিষ্যৎ আর্থ অবজারভেশন স্যাটেলাইটের প্রয়োজন নির্ধারণে স্যাটেলাইট ডেটা বিশ্লেষণের সুযোগ তৈরি হবে।

সমঝোতার মাধ্যমে বাংলাদেশের আর্থ অবজারভেশন ও স্যাটেলাইটভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ সক্ষমতা উন্নয়নের পাশাপাশি সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমিতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয় ও জাতীয় স্যাটেলাইট প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতার পরিধিও বাড়বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মো. সাফিকুল ইসলাম এবং বিএসসিএলের উপ মহাব্যবস্থাপক বখতিয়ার আহমেদ।

//ডিবিটেক/ইউএইচপি/এমপিও/এমআইএসটি//