শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

চুয়েটে নতুন ভিসির যোগদান প্রত্যাখ্যান

  • নতুন উপাচার্যের যোগদান প্রত্যাখ্যান করেছেন চুয়েট শিক্ষার্থীরা
  • সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিল শেষ

চুয়েটে নতুন ভিসির যোগদান প্রত্যাখ্যান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২১  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের যোগদান প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে মিছিলটি শুরু হয়।

দুপুর ২টার দিকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’—সহ বিভিন্ন স্লোগান দেন।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন উপাচার্যের যোগদান নিয়ে তাদের অবস্থান জানান। একই সঙ্গে পরবর্তী কর্মসূচি হিসেবে দেয়াল লিখনের ঘোষণা দেন তারা।

মিছিলে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন সুজন বলেন, “গতকাল আমরা জেনেছি, উপাচার্য পদে অধ্যাপক শেখ শরীফুল আলম যোগদানপত্র পাঠিয়েছেন। এর প্রতিবাদেই আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি। গতকাল আমাদের শিক্ষকরা রোববার থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আমরা কোনোভাবেই অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাই না।”

এর আগে বৃহস্পতিবার অধ্যাপক ড. শেখ শরীফুল আলম উপাচার্য হিসেবে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না হয়ে রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত যোগদানপত্র পাঠান। ওই পত্রে তিনি চুয়েটের উপাচার্য পদে যোগদানের কথা উল্লেখ করেন।

এর পরিপ্রেক্ষিতে তার যোগদান প্রত্যাখ্যান করে শুক্রবার বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
//ডিবিটেক/তানভির আহমাদ/এসএমই/এমআইএসটি//