ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা চায়না ডে ২০২৬’ উদযাপিত; বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ করার ঘোষণা
এআই, কারিগরি শিক্ষা ও সবুজ প্রযুক্তিতে চীনা অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ শিক্ষামন্ত্রীর
- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ‘ঢাকা চায়না ডে ২০২৬’
- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), টিভিইটি, রোবোটিক্স, ইভি ও সুনীল অর্থনীতিতে চীনের অভিজ্ঞতা গ্রহণের আহ্বান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের
- ঢাকা ও চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনা মডেলে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি লিংকেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ এবং ক্রস-বর্ডার এডুকেশনের রূপরেখা পেশ
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিল্প-শিক্ষা সংযোগ এবং সুনীল অর্থনীতিসহ (ব্লু ইকোনমি) আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ‘চীনা মডেল’ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ২৪ সেপ্টেম্বর, ২০২৬ বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ঢাকা চায়না ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার সুদৃঢ় মৈত্রী দীর্ঘদিনের। শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আগামী দিনে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল ও টেকসই হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "জাতি তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে; তারাই আগামীর বাংলাদেশের রূপকার। আমাদের বিপুল ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’-এর পূর্ণ সদ্ব্যবহার করতে হলে তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে প্রস্তুত করতে হবে, যেখানে চীনের কারিগরি অভিজ্ঞতা আমাদের পথ দেখাতে পারে।"
শিল্প ও শিক্ষা সংযোগের বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমন্বয়ে চীনা অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই রূপরেখা অনুযায়ী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি বিশেষ মডেল হিসেবে সাজানো হচ্ছে এবং চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আধুনিকায়নেও সমান্তরাল কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ, বৈদ্যুতিক যানবাহন (ইভি), গ্রিন টেকনোলজি এবং রোবোটিক্সে বিশেষ গুরুত্ব দিচ্ছে; এসব সম্ভাবনাময় খাতে চীনা উদ্ভাবন ও প্রযুক্তির সংযোজন দেশের রূপান্তরে সহায়ক হবে।
বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এডুকেশন হাব’ হিসেবে রূপান্তরের সরকারি পরিকল্পনার কথা জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, দেশে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি ও আধুনিকায়নে আন্তর্জাতিক মানের ‘ক্রস-বর্ডার এডুকেশন’ চালুর বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, তরুণ প্রজন্মই দুই বন্ধুপ্রতিম দেশের ভবিষ্যৎ অংশীদারিত্বকে নতুন উচ্চতায় এগিয়ে নেবে। বাংলাদেশের জাতীয় শিক্ষা ও ভৌত অবকাঠামোগত অগ্রগতিতে চীনের সার্বিক প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কূটনৈতিক প্রতিনিধি এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ এমএপি/এসএমই/সিএমপি//





