গুগল ম্যাপসের নজরদারি যেভাবে বন্ধ করবেন

গুগল ম্যাপসের নজরদারি যেভাবে বন্ধ করবেন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৫  

থ্রিডি ড্রাইভিং দিকনির্দেশনা থেকে শুরু করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা রেস্তোরাঁয় এখন কতটা ভিড়- এমন নানা উদ্ভাবনী সুবিধা নিয়ে গুগল ম্যাপস আধুনিক জীবনকে বেশ সহজ করে তুলেছে। তবে এর একটি বিশেষ ফিচার নিয়ে ব্যবহারকারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সেটি হলো 'টাইমলাইন' বা লোকেশন হিস্ট্রি। 

আপনি প্রতিদিন কোথায় কোথায় যাচ্ছেন, তার একটি নিখুঁত রেকর্ড বা লগ জমা করে রাখে এই সেবাটি। অতীতে যাওয়া সুন্দর কোনো রেস্তোরাঁর নাম মনে করার ক্ষেত্রে এটি বেশ কাজের হলেও, অনেকের কাছেই এটি ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসিতে বড় ধরনের হস্তক্ষেপ বলে মনে হয়।

সব সময় ব্যাকগ্রাউন্ডে নিজের অবস্থানের হিসাব জমা হওয়াকে অনেকেই এক ধরনের সার্বক্ষণিক নজরদারি হিসেবে দেখেন। কারণ, এই তথ্য ভুল হাতে পড়লে নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। 

সম্প্রতি গুগল অবশ্য ব্যবহারকারীর লোকেশন হিস্ট্রি নিজেদের ক্লাউড সার্ভারে না রেখে সরাসরি ব্যক্তিগত ডিভাইসে সংরক্ষণ করার নিয়ম চালু করেছে, কিন্তু তাও এই ট্র্যাকিং পুরোপুরি বন্ধ করতে চান অনেকেই। স্বস্তির বিষয় হলো, গুগল ম্যাপসের এই লোকেশন হিস্ট্রি বা টাইমলাইন ফিচারটি বন্ধ করা বেশ সহজ।

স্মার্টফোন থেকেই ট্র্যাকিং বন্ধের উপায়
আপনার গুগল ম্যাপসের টাইমলাইন বা লোকেশন ট্র্যাকিং সুবিধাটি গুগল অ্যাকাউন্টের ‘মাই অ্যাক্টিভিটি’ প্যানেল থেকে যেমন বন্ধ করা যায়, তেমনি সরাসরি মোবাইল অ্যাপ থেকেও পরিবর্তন করা সম্ভব। তবে মনে রাখতে হবে, এই সেটিংসটি নির্দিষ্ট ডিভাইসের জন্য প্রযোজ্য। 

অর্থাৎ আপনি যদি ট্যাবলেট বা একাধিক স্মার্টফোনে একই সঙ্গে গুগল ম্যাপস ব্যবহার করেন, তবে প্রতিটি ডিভাইসে আলাদাভাবে এই ধাপগুলো অনুসরণ করতে হবে। কখনো ফিচারটি পুনরায় চালু করতে চাইলে একইভাবে শেষ ধাপে গিয়ে এটি চালু করে নেওয়া যাবে।

লোকেশন হিস্ট্রি বন্ধ করতে প্রথমে আপনার স্মার্টফোনের গুগল ম্যাপস অ্যাপটি খুলে সার্চ বারের ডান পাশে থাকা নিজের প্রোফাইল ছবিতে আলতো চাপ দিতে হবে। ভেসে ওঠা তালিকা থেকে 'ইউর টাইমলাইন' অপশনটি বেছে নিতে হবে। পরবর্তী স্ক্রিনের ওপরের ডান কোণে থাকা তিনটি বিন্দু চিহ্নে চাপ দিয়ে 'লোকেশন অ্যান্ড প্রাইভেসি সেটিংস' বিকল্পটি নির্বাচন করতে হবে। সেখান থেকে 'টাইমলাইন' অপশনে গিয়ে একটি ড্রপডাউন মেনু দেখতে পাবেন। 

এখন আপনি যদি আগের জমা হওয়া তথ্য রেখে দিয়ে কেবল ভবিষ্যতের ট্র্যাকিং বন্ধ করতে চান, তবে 'টার্ন অফ' নির্বাচন করবেন। আর যদি ট্র্যাকিং বন্ধের পাশাপাশি অতীতের সব হিস্ট্রি বা তথ্য পুরোপুরি মুছে ফেলতে চান, তবে 'টার্ন অফ অ্যান্ড ডিলিট অ্যাক্টিভিটি' বিকল্পটি বেছে নিতে হবে।

স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে ফেলা ও সুরক্ষার অন্যান্য কৌশল
আপনি যদি সাম্প্রতিক সময়ের ভ্রমণ বা লোকেশনের তথ্য কিছুদিন ধরে রাখতে চান কিন্তু পুরোনো তথ্য নিয়মিত মুছে ফেলতে চান, তবে এতে স্বয়ংক্রিয় ব্যবস্থার সুযোগ রয়েছে। এর জন্য একই সেটিংস মেনুর নিচের দিকে থাকা 'অটো-ডিলিট' বা স্বয়ংক্রিয়ভাবে তথ্য মোছার অপশনে যেতে হবে। সেখানে থাকা ড্রপডাউন তালিকা থেকে আপনি নির্ধারণ করে দিতে পারেন যে ৩ মাস, ১৮ মাস কিংবা ৩৬ মাসের পুরোনো তথ্যগুলো আপনাআপনি মুছে যাবে।

এছাড়া মূল টাইমলাইন পৃষ্ঠার ওপরের অংশে থাকা ক্লাউড ব্যাকআপ আইকনে চাপ দিয়ে আপনার ডিভাইসের টাইমলাইন তথ্যের একটি এনক্রিপ্ট করা ব্যাকআপ গুগল অ্যাকাউন্টে সংরক্ষণ বা বন্ধ করার সুবিধাও রয়েছে। 

কোনো নির্দিষ্ট দিনের স্থান পরিবর্তন বা মুছে ফেলার জন্য নিচের পেন্সিল আইকনটি ব্যবহার করা সম্ভব। আবার নির্দিষ্ট সময়সীমার তথ্য একবারে পরিষ্কার করতে চাইলে 'ডিলিট রেঞ্জ অফ টাইমলাইন ডাটা' অপশন ব্যবহার করে নিজের প্রাইভেসির পূর্ণ নিয়ন্ত্রণ হাতের মুঠোয় রাখা যায়।

ডিবিটেক/বিএমটি