লন্ডনে বসবে হসপিটালিটি মিলনমেলা

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ১ নভেম্বর

  • ১ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস
  • ব্রিটিশ বাংলাদেশি হসপিটালিটি শিল্পের সাফল্য স্বীকৃতি পাবে
  • শিল্পের পেশাজীবী, উদ্যোক্তা ও অতিথিরা অংশ নেবেন

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ১ নভেম্বর
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩২  

ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের সাফল্য ও অবদানকে স্বীকৃতি দিতে আগামী ১ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে ১৯তম বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) অ্যাওয়ার্ডস ২০২৬। লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে রেস্টুরেন্ট ও হসপিটালিটি পেশাজীবী, উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা, কমিউনিটি প্রতিনিধি, রাজনীতিবিদ, বিশিষ্ট অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশ নেবেন।

১ নভেম্বর, রবিবার অনুষ্ঠিতব্য এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য—‘আজকের অর্জনকে সম্মান, আগামী দিনের সাফল্যের অনুপ্রেরণা’। টানা ১৯ বছর ধরে বিসিএ অ্যাওয়ার্ডস ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের অর্জন ও সাফল্য তুলে ধরার একটি বার্ষিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

একসময় শিল্পের শ্রেষ্ঠত্ব উদযাপনের আয়োজন হিসেবে শুরু হলেও বিসিএ অ্যাওয়ার্ডস বর্তমানে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজনগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে হসপিটালিটি শিল্পের উন্নয়নে নিষ্ঠা, অধ্যবসায়, উদ্যোক্তা মনোভাব ও পেশাদারিত্বের মাধ্যমে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো হবে।

১৯তম বছরে পদার্পণকে বিসিএ’র জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, এ অ্যাওয়ার্ডস শুধু ব্যক্তিগত অর্জনকে স্বীকৃতি দেওয়ার আয়োজন নয়; বরং ব্রিটেনের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা একটি শিল্পের দীর্ঘ যাত্রাকেও তুলে ধরে।

প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশি রেস্টুরেন্ট ও হসপিটালিটি ব্যবসাগুলো কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় কমিউনিটিকে সহযোগিতা এবং বিভিন্ন শহরের বাণিজ্যিক কেন্দ্রগুলোকে প্রাণবন্ত রাখতে ভূমিকা রাখছে। একই সঙ্গে এসব ব্যবসা যুক্তরাজ্যের মানুষের কাছে দক্ষিণ এশিয়ার খাবার ও সংস্কৃতি তুলে ধরছে।

এবারের আয়োজনের প্রস্তুতি ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছে অ্যাওয়ার্ডস ও নৈশভোজ কমিটি। কমিটির আহ্বায়ক আতিক রহমান বিইএম আয়োজনের প্রস্তুতি ও কার্যক্রম সমন্বয় করছেন।

বিসিএ প্রেসিডেন্ট অলি খাঁন এমবিই বলেন, “১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস আমাদের অ্যাসোসিয়েশন এবং আমরা যে শিল্পের প্রতিনিধিত্ব করি, উভয়ের জন্যই একটি গর্বের মুহূর্ত। এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা আমাদের শিল্পের সঙ্গে যুক্ত মানুষের নিষ্ঠা, উদ্যোগ ও অবদানকে সম্মান জানাই। আমরা তাদের অর্জন উদযাপন করতে এবং আমাদের শিল্প ও কমিউনিটিকে আবারও একটি স্মরণীয় সন্ধ্যায় একত্রিত করতে উন্মুখ।”

বিসিএ সেক্রেটারি জেনারেল টিপু রহমান বলেন, “বিসিএ অ্যাওয়ার্ডস আমাদের শিল্পে শ্রেষ্ঠত্ব উদযাপনের একটি গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে। ১৯তম অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা আমাদের সদস্যদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের অবদান উদযাপন এবং আগামী প্রজন্মের হসপিটালিটি পেশাজীবী ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার সুযোগ পাব।”

বিসিএ চিফ ট্রেজারার এম ফয়জুল হক বলেন, “বিসিএ অ্যাওয়ার্ডসের ধারাবাহিক সাফল্য আমাদের শিল্পের শক্তি, ঐক্য ও দৃঢ়তার প্রতিফলন। ১৯তম এই আয়োজনে আমরা তাদের সম্মান জানাব, যারা সফল ব্যবসা গড়ে তুলতে এবং নিজেদের কমিউনিটি ও যুক্তরাজ্যের জন্য ইতিবাচক অবদান রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

বিসিএ প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি নাজ ইসলাম বলেন, “বিসিএ অ্যাওয়ার্ডস আমাদের সদস্য এবং বৃহত্তর ব্রিটিশ বাংলাদেশি হসপিটালিটি শিল্পের অর্জন, নিষ্ঠা ও অবদান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ১৯তম অ্যাওয়ার্ডস উপলক্ষে আমরা সেইসব মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানকে সম্মান জানাতে গর্বিত, যাদের কঠোর পরিশ্রম আমাদের শিল্পকে আরও শক্তিশালী করে তুলছে এবং যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

বিসিএ অ্যাওয়ার্ডসের মূল কেন্দ্রে রয়েছেন হসপিটালিটি শিল্পের পেছনে ও সম্মুখসারিতে কাজ করা মানুষ। প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট ব্যবসায়ী ও সফল উদ্যোক্তা থেকে শুরু করে শেফ, ব্যবস্থাপক, কর্মী এবং উদীয়মান ব্যবসায়ী নেতাদের প্রতিভা, নিষ্ঠা ও পরিশ্রমকে এ আয়োজনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

আয়োজকদের মতে, অনুষ্ঠানটি শিল্পের মানুষদের একত্রিত হওয়ার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটির অভিন্ন ঐতিহ্য ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষা উদযাপনের সুযোগ তৈরি করবে।

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের স্বার্থ ও অধিকার প্রতিনিধিত্ব করে। অ্যাডভোকেসি, প্রতিনিধিত্ব, নেটওয়ার্কিং এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে বিসিএ সদস্যদের সহযোগিতা করার পাশাপাশি ব্রিটিশ সমাজ ও যুক্তরাজ্যের অর্থনীতিতে এ শিল্পের অবদান তুলে ধরতে কাজ করে।
//ডিবিটেক/এসএইচসি/এসএমই/এমআইএস//