দক্ষতা উন্নয়ন ও ফেলোশিপ বাড়ানোর আহ্বান
আইএইএ-এর সাথে বাংলাদেশের পরমাণু বিজ্ঞান বৈঠক
- পরমাণু বিজ্ঞানে বাংলাদেশি গবেষক ও কর্মকর্তাদের ফেলোশিপ ও ইন্টার্নশিপ বৃদ্ধির আহ্বান
- ভিয়েনায় আইএইএ-এর উপ-মহাপরিচালক হুয়া লিউয়ের সাথে ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
- পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নে যৌথ গুরুত্বারোপ
পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সক্ষমতা বাড়াতে বাংলাদেশি গবেষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের আন্তর্জাতিক ফেলোশিপ, ইন্টার্নশিপ ও বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার), অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) উপ-মহাপরিচালক এবং টেকনিক্যাল কো-অপারেশন বিভাগের প্রধান হুয়া লিউয়ের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।
বৈঠকে বাংলাদেশের তরুণ বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, ফেলোশিপ এবং যৌথ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে আইএইএ-এর সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। বিশেষত বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের জন্য আইএইএ-তে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ এবং বিভিন্ন পদে নিয়োগে সংস্থাটির সহযোগিতা কামনা করেন বিজ্ঞান সচিব।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তরুণ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের বৈশ্বিক পর্যায়ে কাজের সুযোগ সৃষ্টি এবং তাঁদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশে আইএইএ-এর সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করা দেশের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে তরুণ গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, উদ্ভাবন বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা জোরদারের মাধ্যমে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের মানবসম্পদ শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।
বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম, যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মোঃ কবীর হোসেন উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এএএম/এসএমই/এমআইএস//





