মাউশির নতুন নির্দেশনা
সামাজিক মাধ্যম ব্যবহারে নজরদারি বাড়ছে
- সামাজিক মাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশিকা মানতে হবে
- প্রতিষ্ঠানগুলোকে মনিটরিং কার্যক্রমের তথ্য দিতে হবে
- ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশিকা মানা হচ্ছে কি না, তা তদারকিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি নির্দেশিকা সম্পর্কে অবহিত করা হয়েছে কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে।
১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মাউশির এক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং মাউশির সংশ্লিষ্ট নির্দেশনা বাস্তবায়নে গত ১৭ আগস্ট একটি নির্দেশনা জারি করা হয়েছিল।
ওই নির্দেশনায় মাউশির আওতাধীন শিক্ষা পরিবারের সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সরকারি নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নজরদারির কথা বলা হয়। কারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নির্দেশিকার পরিপন্থী, আপত্তিকর, বিভ্রান্তিকর বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কোনো কার্যক্রম নজরে এলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট মনিটরিং কমিটির আহ্বায়ককে জানাতে বলা হয়েছিল।
এবার ওই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কী পদক্ষেপ নিয়েছে, তার তথ্য চেয়েছে মাউশি।
এ জন্য দুটি বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে। প্রথমত, কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সরকারি নির্দেশিকা সম্পর্কে অবহিত করা হয়েছে কি না, তা জানাতে হবে। দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং এবং এ-সংক্রান্ত তথ্য মনিটরিং কমিটির কাছে পাঠাতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত জানাতে হবে।
এসব তথ্য আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক টিপু সুলতানের কার্যালয়ের নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নির্দেশিকাবিরোধী কোনো কার্যক্রম শনাক্ত হলে সংশ্লিষ্ট মনিটরিং কমিটিকে তথ্য-প্রমাণসহ জানাতে হবে। এর মাধ্যমে শিক্ষা প্রশাসনের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশিকা প্রতিপালন ও তদারকি আরও জোরদার করতে চায় অধিদপ্তর।
//ডিবিটেক/এসএমই/এনপিভি/এমএসআই//





