২৩ আগস্ট পর্যন্ত নিবন্ধন, ১ সেপ্টেম্বর থেকে অটাম ইনটেকের ক্লাস

যবিপ্রবিতে শুরু হচ্ছে বিনামূল্যের এআই প্রশিক্ষণ

  • শিক্ষার্থীদের জন্য এআই প্রশিক্ষণ
  • বিনামূল্যে আট সেশন
  • কোডিং অভিজ্ঞতা ছাড়াই অংশগ্রহণ

যবিপ্রবিতে শুরু হচ্ছে বিনামূল্যের এআই প্রশিক্ষণ
২০ আগষ্ট, ২০২৬ ০০:০০  

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে ব্যবহারিক দক্ষতা তৈরির সুযোগ দিতে শুরু হচ্ছে ‘এআই ন্যাভিগেটর অটাম ২০২৬ ও উইন্টার ইনটেক ২০২৬’ কর্মসূচি। ‘সেন্ড এ লিটল হোপ’-এর উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে যবিপ্রবির শিক্ষার্থীরা বিনামূল্যে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

নতুন ঘোষণা অনুযায়ী, অটাম ইনটেক ২০২৬-এ অংশ নিতে আগ্রহী যবিপ্রবির শিক্ষার্থীদের ২৩ আগস্ট ২০২৬-এর মধ্যে নিবন্ধন করতে হবে। অটাম ইনটেকের ক্লাস শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। আর উইন্টার ইনটেক ২০২৬-এর নিবন্ধন শুরু হবে ১ অক্টোবর এবং ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর থেকে।

সম্পূর্ণ অনলাইনভিত্তিক এ কর্মসূচিতে মোট আটটি সেশন থাকবে। অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না এবং পূর্বে কোডিংয়ের অভিজ্ঞতাও বাধ্যতামূলক নয়। কর্মসূচিটি সিপিডি-সার্টিফায়েড প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে।

প্রশিক্ষণে এআই টুলস ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং, গবেষণা ও লেখালেখিতে এআইয়ের ব্যবহার, নৈতিক ও দায়িত্বশীল এআই এবং ব্যবহারিক প্রকল্প উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে পড়াশোনা, গবেষণা, লেখালেখি, সমস্যা সমাধান ও অন্যান্য বাস্তব কাজে এআই ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীরা হাতে-কলমে ধারণা পাবেন।

আয়োজকদের মতে, শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান ও পেশাগত বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে এআই বিষয়ে মৌলিক ও ব্যবহারিক দক্ষতা এখন শুধু প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের জন্য নয়, সব বিভাগের শিক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচিতে যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

এ বিষয়ে যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম জানান, একাডেমিক গবেষণা, লেখা ও যোগাযোগ, উৎপাদনশীলতা ও সমস্যা সমাধান, বিশ্লেষণ, নৈতিকভাবে এআই ব্যবহার, প্রকল্প উন্নয়ন এবং কমিউনিটি-কেন্দ্রিক উদ্ভাবনের দক্ষতা তৈরির লক্ষ্যেই কর্মসূচিটি আয়োজন করা হয়েছে।

তিনি জানান, ডিজিটাল কোর্স সফলভাবে সম্পন্নকারী যোগ্য শিক্ষার্থীদের বিনামূল্যে সনদ দেওয়া হবে। এআই ন্যাভিগেটর সেশন শেষ করার পর শিক্ষার্থীরা ‘সেন্ড এ লিটল হোপ’ কর্তৃক ইস্যুকৃত মুদ্রিত মূল সনদের জন্য আবেদন করতে পারবেন। মুদ্রিত প্রতিটি সনদের জন্য ২৫০ টাকা ফি প্রযোজ্য হবে।
প্রতি ব্যাচে সর্বোচ্চ ৩০০ জন শিক্ষার্থীকে নেওয়া হবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী যবিপ্রবি শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আয়োজকেরা বলছেন, প্রযুক্তিতে পূর্ব অভিজ্ঞতা বা কোডিং দক্ষতা না থাকলেও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নিয়ে এআইয়ের বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে জানতে পারবেন। এর মাধ্যমে নিজ নিজ পড়াশোনা ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য এআইভিত্তিক দক্ষতা তৈরির সুযোগ পাবেন তারা।
//ডিবিটেক/ এমএইচএম/ এমআইএস//