অফিশিয়ালভাবে এআই কোডিং স্টার্টআপ ‘কার্সর’ কিনলো স্পেসএক্স
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোডিং টুলস তৈরির জন্য পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কার্সর’ আনুষ্ঠানিকভাবে চলে এসেছে স্পেসএক্সের মালিকানায়। চার মাসের দীর্ঘ প্রক্রিয়ার পর ৬০ বিলিয়ন বা ৬ হাজার কোটি মার্কিন ডলারের এই বিশালাকার চুক্তি চূড়ান্ত হলো।
গত এপ্রিলে মডেল প্রশিক্ষণের অংশ হিসেবে দুই প্রতিষ্ঠানের অংশীদারত্ব শুরু হয়েছিল, যা জুনে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণায় রূপ নেয়।
অধিগ্রহণের ফলে কার্সর এখন বিশ্বের বৃহত্তম জিপিইউ নির্ভর সুপারকম্পিউটিং নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিপুল কম্পিউটিং সক্ষমতা কাজে লাগিয়ে আগের চেয়ে অনেক কম খরচে উন্নত এআই মডেল তৈরি ও প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। এর ফলে সফটওয়্যার ডেভেলপার ও সাধারণ ব্যবহারকারীরা অনেক কম খরচে দ্রুতগতির কোডিং সেবা পাবেন।
স্পেসএক্সএআই ও গ্রোক সিরিজের অগ্রগতি
চলতি বছরের শুরুর দিকে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘এক্সএআই’ যৌথভাবে স্পেসএক্সের সঙ্গে যুক্ত হয়। পরে জুলাই মাসে এই সমন্বিত সত্তার নাম পরিবর্তন করে রাখা হয় ‘স্পেসএক্সএআই’। এই নতুন পরিচয়ের পরপরই কার্সরের সঙ্গে স্পেসএক্সএআই তাদের প্রথম যৌথ উদ্যোগ হিসেবে ‘গ্রোক ৪.৫’ মডেল উন্মোচন করে। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে জটিল কোডিং এবং বিভিন্ন স্বয়ংক্রিয় দাপ্তরিক কাজ সম্পাদনে মডেলটি দারুণ কার্যকারিতা দেখায়।
পরবর্তী সময়ে এর ধারাবাহিকতায় বাজারে আনা হয় ‘গ্রোক ৪.৬’ মডেল। নতুন এই আধুনিক সংস্করণটিকে সাধারণ প্রোগ্রামিং, ওয়েবসাইট তৈরি ও কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড সফটওয়্যারের মতো বাস্তবমুখী নানা কাজ নিখুঁতভাবে করার উপযোগী করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কার্সর কর্তৃপক্ষের মতে, স্পেসএক্সের অসীম প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে তাদের কোডিং মেধার এই সম্মিলন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





