আইপিওর মাধ্যমে ক্যাপিটাল মার্কেটে আসছে সোলার ইকুইটি ভেঞ্চার
- লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস যৌথ ইস্যু ম্যানেজার হিসেবে মূলধন সংগ্রহ পরিচালনা করবে।
- নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে দেশের পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের লক্ষ্যে কৌশলগত উদ্যোগ গ্রহণ।
- সোলার ইপিসি ডেভেলপমেন্টের ২০১৮ সাল থেকে অর্জিত প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিবেশবান্ধব পোর্টফোলিও গঠন।
ঢাকা, ১০ আগস্ট, ২০২৬: বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণ ও দেশের পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে এক কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে সোলার ইকুইটি ভেঞ্চার পিএলসি। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও (IPO) প্রক্রিয়ার মাধ্যমে মূলধন সংগ্রহের লক্ষ্যে সম্প্রতি লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তির আওতায় লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস যৌথ ইস্যু ম্যানেজার হিসেবে সোলার ইকুইটি ভেঞ্চারের মূলধন সংগ্রহের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থা (BSEC)-এর অনুমোদন সাপেক্ষে লক্ষ্যভিত্তিক প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটিকে পেশাগত সহযোগিতা প্রদান করবে।
চুক্তিতে সোলার ইকুইটি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক এজাজ আল কুদরত এ মাজিদ, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. মমিনুল হক ৯ আগস্ট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি অনুষ্ঠানে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফফাত রেজা।
সোলার ইকুইটি ভেঞ্চার মূলত সৌরবিদ্যুৎ খাতের পরিচিত প্রতিষ্ঠান সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেডের অঙ্গসংগঠন হিসেবে কাজ করছে। ২০১৮ সাল থেকে সোলার ইপিসি বাংলাদেশে রুফটপ, গ্রাউন্ড-মাউন্টেডসহ নানাবিধ সৌরবিদ্যুৎ প্রকল্প ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, নির্মাণ, কমিশনিং এবং দীর্ঘমেয়াদি পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য—এই অভিজ্ঞতার ওপর ভর করে বাংলাদেশের সবুজ ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে বিনিয়োগ, প্রকল্প উন্নয়ন ও অধিগ্রহণের মাধ্যমে একটি শক্ত ভিত্তিসম্পন্ন বৈচিত্র্যময় ক্লিন এনার্জি পোর্টফোলিও গড়ে তোলা। একই সাথে পুঁজিবাজারের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিকাশমান নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশগ্রহণের প্ল্যাটফর্ম তৈরি করা।
//ডিবিটেক/ডিপিও/ এসএমই//





