সার্ভারে আটকালেও ফল মিলছে বিকল্প সাইট ও এসএমএস-এ
প্রতিবছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সকালে প্রকাশ করা হলেও শিক্ষার্থীদের হাতে ফল পৌঁছাতে অনেক সময় সন্ধ্যা হয়ে যায়। ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রবেশ করায় সার্ভারে দেখা দেয় নানা জটিলতা। ফলে কাঙ্ক্ষিত ফল জানতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের।
এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হলেও বোর্ডের সার্ভারে জটিলতার কারণে প্রাতিষ্ঠানিকভাবে ফলাফল পেতে কিছুটা দেরি হচ্ছে বলে জানিয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ কর্তৃপক্ষ। ১০ আগস্ট, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজউক উত্তরা মডেল কলেজের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা (অ্যাক্টিং অ্যাডমিন) ও সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, বোর্ডের সার্ভারে সমস্যা হচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানগতভাবে তখনও ফলাফল পাননি। তবে সিস্টেম অ্যানালাইসিসের কাজ চলছে। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
তবে ফল প্রকাশে বিলম্ব হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা থাকলেও মুঠোফোনে ফল পাওয়ার পর সেই অপেক্ষা পরিণত হয় আনন্দে। ব্যক্তিগতভাবে অনেক শিক্ষার্থী মোবাইল ফোনে ফলাফল পেয়ে গেছেন। এসএমএস করতে এবার নম্বর দ্বিগুণ করে দুইটি করা হয়েছে।
অবশ্য এবার এসব বিড়ম্বনা এড়িয়ে খুব সহজেই জানা যায় সেজন্য বিকল্প পদ্ধতিও প্রস্তুত রেখেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আরো একটি সরকারি ওয়েবসাইট eboardresults.com/app/stud। সাইটে ডিডস অ্যাটাক ঠেকাতে ক্যাপচা ব্যবহার করা হয়েছে। তাই ওয়েবসাইটটিতে প্রবেশের শুরুতে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর প্রথমে এক্সামিনেশন, ইয়ার, বোর্ড সিলেক্ট করতে হবে। এরপর রেজাল্ট টাইপ অপশনে একক ফলাফল জানতে Individual Result এবং প্রতিষ্ঠানের রেজাল্ট জানতে Institutional Result সিলেক্ট করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সর্বশেষে সিকিউরিটি কি দিয়ে জানতে পারবেন কাঙ্ক্ষিত ফল।
এছাড়া, result.bteb.gov.bd, educationboardresults.gov.bd ও eduboardresult.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে গ্রেডভিত্তিক ট্রান্সক্রিপ্ট পাওয়া যাবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট bmeb.gov.bd-এর ‘অনলাইন সেবা-০১’ কর্নারে গিয়ে ‘দাখিল পরীক্ষা ২০২৬’–এ ক্লিক করেও ফল জানতে পারবে। এছাড়া ebmeb.gov.bd ওয়েবসাইটে ‘DakhileRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করলে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার ফলাফল শিট ডাউনলোড করা যাবে।
আর এসএমএসে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএসের ফরম্যাট হবে: SSC DHA ROLL YEAR। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ক্ষেত্রে SSC MAD ROLL YEAR এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ক্ষেত্রে SSC TEC ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এর মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।
//ডিবিটেক/এসএ/এমএসআই//





