কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প নয়, বরং কাজকে সহজ ও দক্ষ করার সহায়কমাত্র: বক্তারা

কমিউনিকেশনস পেশাজীবীদের এআই দক্ষতা বাড়াতে বিসিপিএসের মাস্টারক্লাস

  • রাজধানীতে অনুষ্ঠিত ‘ডেভেলপমেন্ট কমিউনিকেশনসে এআইয়ের ব্যবহার’ শীর্ষক বিশেষ মাস্টারক্লাস
  • উন্নয়ন সংস্থা, করপোরেট ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতের ৩৫ জন পেশাজীবীর হাতে-কলমে অংশ গ্রহণ
  • প্রেস বিজ্ঞপ্তি, কনটেন্ট তৈরি, ডেটা অ্যানালাইসিস ও প্রম্পট রাইটিংয়ের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ

কমিউনিকেশনস পেশাজীবীদের এআই দক্ষতা বাড়াতে বিসিপিএসের মাস্টারক্লাস
৯ আগষ্ট, ২০২৬ ০৯:৩১  

৯ আগস্ট, রবিবার: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর ভবিষ্যতের দূরবর্তী বিষয় নয়, বরং এটি বর্তমানে যোগাযোগ ও কমিউনিকেশনস খাতের দৈনন্দিন কাজের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রেস বিজ্ঞপ্তি, প্রতিবেদন তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাণ, গবেষণা ও প্ল্যানিং সহজ করতে কমিউনিকেশনস পেশাজীবীদের নিয়ে একটি বিশেষ মাস্টারক্লাসের আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটি (বিসিপিএস)।

রাজধানীর বাংলামটরে অবস্থিত উন্নয়ন সমন্বয় মিলনায়তনে শনিবার (৮ আগস্ট) ‘ডেভেলপমেন্ট কমিউনিকেশনসে এআইয়ের ব্যবহার’ শীর্ষক এ মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়। এতে উন্নয়ন সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যম, সরকারি-বেসরকারি খাত ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩৫ জন পেশাজীবী অংশ নেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন এআই সরঞ্জামের ব্যবহার, সঠিক প্রম্পট (Prompt) লেখার কৌশল, প্রেস বিজ্ঞপ্তি ও বক্তব্য তৈরি, ডেটা অ্যানালাইসিস এবং দৈনন্দিন কাজের সময় কমিয়ে কাজের মান বাড়াতে এআইয়ের ব্যবহারিক প্রয়োগ শেখানো হয়।

মাস্টারক্লাসটি যৌথভাবে পরিচালনা করেন নগদের ক্রিয়েটিভ লিড (এআই) মো. আব্দুর রউফ এবং বিইউপি-র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও বিসিপিএসের গবেষণা পরিচালক মালিহা তাবাসসুম। তারা এআই দিয়ে কনটেন্ট তৈরি, উপস্থাপনা এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের নানা দিক ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে তুলে ধরেন।

বিসিপিএসের চেয়ারপারসন টনি মাইকেল গোমেজ তাঁর বক্তব্যে বলেন, “এআই কখনই কমিউনিকেশনস পেশাজীবীদের বিকল্প হতে পারে না; বরং যারা এআই দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবেন, তারাই ভবিষ্যতে এগিয়ে থাকবেন। পেশাজীবীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতেই আমাদের এই উদ্যোগ।” বিসিপিএসের ক্যাপাসিটি বিল্ডিং পরিচালক জাকিয়া হক নীলা পুরো প্রশিক্ষণ কর্মশালাটি সমন্বয় করেন।
//ডিবিটেক/ এআরএল/ এসএমই//