ওয়ারলেস চার্জিংয়ের জন্য কেমন কাভার ভালো?
স্মার্টফোনে তারবিহীন বা ওয়ারলেস চার্জিং প্রযুক্তি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠলেও অনেক ব্যবহারকারীই অভিযোগ করেন যে তাঁদের ফোনটি চার্জ হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় নিচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রে চার্জার বা ফোনের কোনো ত্রুটি থাকে না, বরং আসল সমস্যাটি লুকিয়ে থাকে ফোনের সুরক্ষায় ব্যবহৃত কাভার বা কেসের পেছনে।
তারহীন চার্জিং মূলত তড়িৎ-চৌম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইনডাকশনের মাধ্যমে কাজ করে। এর জন্য চার্জিং প্যাডের কয়েল এবং ফোনের ভেতরের কয়েলের মধ্যকার দূরত্ব যথাসম্ভব কম থাকা জরুরি। কিন্তু ভুল উপাদানে তৈরি কিংবা অতিরিক্ত পুরু কভারের কারণে এই শক্তি প্রবাহ বাধাগ্রস্ত হয়, যা চার্জিংয়ের গতি কমিয়ে দেওয়ার পাশাপাশি ফোন অতিরিক্ত গরম করে ফেলে।
যে ধরনের কাভার এড়িয়ে চলবেন
তারবিহীন চার্জিং ব্যবস্থার প্রধান শত্রু হলো ধাতব উপাদান এবং অতিরিক্ত পুরুত্ব। যে সব কাভারে অ্যালুমিনিয়াম বা অন্য কোনো ধাতুর পাত যুক্ত থাকে, সেগুলোতে চার্জিং সংকেত একবারে আটকে যায় কিংবা প্রচুর তাপ সৃষ্টি হয়। এ ছাড়া চামড়ার তৈরি ভারী ওয়ালেট কাভার, পেছনে থাকা অতিরিক্ত রিং হোল্ডার, গ্রিপ কিংবা পপসকেট জাতীয় অনুষঙ্গ কয়েল থেকে ফোনকে দূরে সরিয়ে দেয়। ফলে চার্জারের শক্তি সঠিকভাবে ফোনে পৌঁছাতে পারে না। এমনকি ভুল স্থানে স্থাপিত সাধারণ চুম্বকও চার্জিং প্রবাহ বিঘ্নিত করতে পারে।
যেমন কাভার বেছে নেওয়া ভালো
স্মার্টফোনে দ্রুত ও নির্বিঘ্নে তারহীন চার্জের সুবিধা পেতে হলে পলিকার্বোনেট বা টিপিইউ উপাদানে তৈরি কাভার ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। এগুলো একই সঙ্গে টেকসই এবং চার্জিং সংকেত সহজে পার হতে দেয়। সাধারণ নিয়ম অনুযায়ী, চার্জিংয়ের সুবিধার জন্য কভারের স্থূলতা বা পুরুত্ব তিন মিলিমিটারের কম হওয়া উচিত।
বর্তমানে আইফোন এবং আধুনিক অ্যান্ড্রয়েড ফোনের জন্য ম্যাগসেফ বা 'কিউআইটু' প্রযুক্তির চুম্বকীয় রিংযুক্ত কাভার পাওয়া যায়। এই রিংগুলো কভারের ভেতরের কয়েলকে চার্জারের কয়েলের সঙ্গে সঠিকভাবে সারিবদ্ধ করতে সাহায্য করে, যার ফলে শক্তির অপচয় হয় না এবং সংযোগও বিচ্ছিন্ন হয় না।
কেনাকাটার ক্ষেত্রে জরুরি পরামর্শ
অনলাইনে বা বাজার থেকে কাভার কেনার আগে সেটি তারহীন চার্জিং উপযোগী কি না তা প্রস্তুতকারকের বিবরণ দেখে নিশ্চিত হওয়া প্রয়োজন।
প্রযুক্তিবিদদের মতে, ভেতরের কয়েল অংশের প্লাস্টিক সামান্য খালি রাখা বা পাতলা স্তরের কাভারগুলোই সবচেয়ে ভালো পারফর্ম করে। ফোনকে পতন থেকে বাঁচাতে গিয়ে অতিরিক্ত ভারী ও মোটা কাভার ব্যবহার করলে কেবল চার্জের গতিই কমে না, বরং আটকে পড়া তাপে ব্যাটারির স্থায়িত্বও কমে যেতে পারে।
তাই সুরক্ষার পাশাপাশি কাভারটির নির্মাণসামগ্রী ও গঠনের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি।
ডিবিটেক/বিএমটি





