বিটিআরসিসহ একাধিক সরকারি ওয়েবসাইটে ত্রুটি
- প্রধানমন্ত্রীর কার্যালয়সহ একাধিক সরকারি ওয়েবসাইটে প্রবেশে সাময়িক বিঘ্ন
- ব্যবহারকারীরা Error 503 Backend fetch failed বার্তা পাচ্ছেন
- সরকার জানিয়েছে, বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা সমাধানে কাজ চলছে
প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের একাধিক ওয়েবসাইটে প্রবেশে সাময়িক বিঘ্ন দেখা দিয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে ব্যবহারকারীরা ওয়েবসাইটগুলোতে প্রবেশের চেষ্টা করলে ত্রুটির বার্তা দেখতে পান।
ওয়েবসাইটে প্রবেশের সময় "Error 503 Backend fetch failed", "Guru Meditation" এবং "Varnish cache server"-সংক্রান্ত বার্তা প্রদর্শিত হয়। একই ধরনের সমস্যা পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর (পিআইডি) এবং gov.bd ডোমেইনের আরও কয়েকটি ওয়েবসাইটেও দেখা যায়।
ডিভাইস ও ইন্টারনেট সংযোগ পরিবর্তন করেও ব্যবহারকারীরা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারেননি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও বিটিআরসির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওয়েবসাইটগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ গণমাধ্যমকে জানিয়েছেন, বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার কারণে ওয়েবসাইটগুলোতে সাময়িকভাবে প্রবেশ করা যাচ্ছে না। তিনি বলেন, "ত্রুটি শনাক্ত করা হয়েছে। পাওয়ার ইস্যুর কারণে এই সমস্যা হয়েছে এবং এটি সমাধানে কাজ চলছে।"
সূত্রমতে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সমস্যার সমাধান করা হচ্ছে। বিকেল নাগাদ সমস্যার সমাধান হবে বলে জানাগেছে।
//ডিবিটেক/বিটিও/এসএমআই//





