• জব্দ করা হয় ৬ হাজার সিম ও ২০টি ডিজিটাল গেটওয়ে

  • প্রতি মাসে ২০০ থেকে ২৫০ কোটি টাকা পাচার করা হতো

বসুন্ধরায় অনলাইন জুয়া ও প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

ডিবি পুলিশের অভিযানে প্রতি মাসে শতকোটি টাকা পাচার রোধ

বসুন্ধরায় অনলাইন জুয়া ও প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার
২ আগষ্ট, ২০২৬ ১৪:২১  

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও প্রতারণার মাধ্যমে মাসে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা পাচারকারী এক চক্রের বিদেশি নাগরিকসহ চার সদস্যকে গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে। রোববার, ২ আগস্ট ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) ও শে ই রান (৪২)। অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, জব্দ করা ৬ হাজার সিম ও ২০টি ডিজিটাল গেটওয়ে ব্যবহার করে চক্রটি ভুয়া অফার ও চাকরির প্রলোভনে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছিল।

১ আগস্ট, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালায় ডিবি সাইবার ক্রাইমের একটি দল। ছয়তলা বিশিষ্ট ওই ভবনটি এক উপজাতীয় নারী (ঝর্ণা) ভাড়া নিয়েছিলেন। তিনি নিজে ভবনের একতলায় থাকতেন এবং বাকি পাঁচটি ফ্লোর বিদেশি নাগরিকদের কাছে ভাড়া দেন, যেখানে তারা হোটেলের মতো যাতায়াত ও অবস্থান করত।

অভিযানের বিস্তারিত তুলে ধরে গোয়েন্দা কর্মকর্তা বলেন, ভবনের চার ও পাঁচতলার ফ্ল্যাটে অনলাইনের অবৈধ গেটওয়ে ও জুয়াসহ নানা ধরনের প্রতারণামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছিল। ঘটনাস্থল থেকে অবৈধ কাজে ব্যবহৃত ১৪টি ল্যাপটপ, ১৬টি মোবাইল ফোন, বিভিন্ন প্রোভাইডারের ৬,০০০টি সিম, ২০টি গেটওয়ে মেশিন, মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, চক্রটি মোবাইলে লোভনীয় অফার বা চাকরির প্রলোভন দেখিয়ে খুদে বার্তা পাঠাত। লিংকে ক্লিক করলে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতে গেটওয়েতে সিমগুলো ব্যবহার করা হতো। প্রযুক্তি ব্যবহার করে প্রতিনিয়ত নিজেদের ডিভাইসের আইএমইআই নম্বর পরিবর্তন করায় এতদিন তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। এই অভিযানের মাধ্যমে দেশ থেকে মাসে ২০০ থেকে ২৫০ কোটি টাকা অবৈধভাবে পাচার হওয়া বন্ধ করা সম্ভব হয়েছে দাবি করে ডিবি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

//ডিবিটেক/ডিপিও /এসএমই//