'টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬'-এর আনুষ্ঠানিক গ্রুপ পর্ব চূড়ান্ত
- গ্রুপ ‘এ’-তে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।
- ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে ফুটবল প্রতিযোগিতা।
২ আগস্ট, রবিবার: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর 'টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬'-এর গ্রুপ পর্বের দলবিন্যাস চূড়ান্ত হয়েছে। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল।
২ আগস্ট, রবিবার সাফ অর্ডিনারি কংগ্রেস ২০২৬-এর পর আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ), ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সাফের সাতটি সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ অংশীজনেরা অংশ নেন।
ড্র পরিচালনা করেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতি দাশো উগেন সেচুপ এবং টুর্নামেন্টের টাইটেল স্পনসর টেকনো মোবাইল বাংলাদেশের প্রতিনিধি ও আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক।
ড্রয়ের ফল অনুযায়ী, স্বাগতিক বাংলাদেশ গ্রুপ ‘এ’-তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে স্থান পেয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। তবে নেপালের অংশগ্রহণ ফিফার অনুমোদনসাপেক্ষ রাখা হয়েছে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ টুর্নামেন্ট।
এ উপলক্ষে আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, "টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর যাত্রায় আনুষ্ঠানিক ড্র একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। গ্রুপ চূড়ান্ত হওয়ায় প্রতিটি অংশগ্রহণকারী দল এখন আরও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নিতে পারবে। টাইটেল স্পনসর হিসেবে টেকনো এমন একটি প্ল্যাটফর্ম তৈরিতে সাফকে সহযোগিতা করতে পেরে গর্বিত, যা ক্রীড়া নৈপুণ্য উদ্যাপন করবে, আঞ্চলিক বন্ধনকে আরও শক্তিশালী করবে এবং ফুটবলের শক্তিতে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।"
গ্রুপ চূড়ান্ত হওয়ার পর অংশগ্রহণকারী দেশগুলো এখন টুর্নামেন্টের জন্য শেষ পর্যায়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। টাইটেল স্পনসর হিসেবে টেকনো দক্ষিণ এশিয়ায় ফুটবলের বিকাশে সহযোগিতা ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
//ডিবিটেক/ এসিবিপি/ এসএমই//





