সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন

ক্যানসার জয়ীদের সম্মাননা দিল সিসিসিএফ

  • ১১ ক্যানসার জয়ীকে সম্মাননা
  • সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের বিশেষ স্বীকৃতি
  • প্রাথমিক শনাক্তকরণ ও মানসিক সহায়তার ওপর গুরুত্বারোপ

ক্যানসার জয়ীদের সম্মাননা দিল সিসিসিএফ
২৬ জুলাই, ২০২৬ ২৩:৩৮  

ক্যানসারের বিরুদ্ধে সফল লড়াইয়ে বিজয়ীদের সম্মান জানানো এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২৬ জুলাই, রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যানসার সার্ভাইভার সম্মাননা প্রদান-২০২৬’।

সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) আয়োজিত অনুষ্ঠানে ১১ জন ক্যানসার জয়ীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—ড. মারুফী খান, সেলিনা আহমেদ, মো. আবদুল গফফার, ফরিদা ইয়াসমিন, কাজী সুফিয়া আখতার, সিফাত আরেফিন প্রতীক, মনিরা ফারজানা, আফরোজ তানিয়া, রায়না মাহমুদ, কানিজ হায়দার এবং ফারজানা আলী লাবনী।

এছাড়া ক্যানসার আক্রান্তদের পাশে থেকে সচেতনতামূলক কাজের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক জান্নাতুন ফেরদৌস মানু-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সহায়তাকারী স্বেচ্ছাসেবকদেরও সনদ দেওয়া হয়।

সিসিসিএফের সভাপতি রোকশানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনকোলজি ক্লাব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এম. এ. হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হালিদা হানুম আক্তার এবং চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. লিয়াকত আলী। অনুষ্ঠানে সিসিসিএফের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন ডা. এস. এম. শহীদুল্লাহ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহান-ই-গুলশান শাপলা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এম. এ. হাই বলেন, আর্থিক সংকটের কারণে অনেক রোগী দীর্ঘমেয়াদি চিকিৎসা সম্পন্ন করতে পারেন না। তাই দরিদ্র ও পিছিয়ে পড়া ক্যানসার রোগীদের জন্য সমন্বিত সহায়তা নিশ্চিত করা জরুরি।

বিশেষ অতিথি অধ্যাপক ডা. হালিদা হানুম আক্তার বলেন, তিনি ক্যানসার সার্ভাইভারদের ‘বেঁচে ফেরা মানুষ’ নয়, বরং ‘বিজয়ী’ হিসেবে দেখতে চান। তাঁর মতে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিই ক্যানসার মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।

অধ্যাপক ডা. লিয়াকত আলী ক্যানসার আক্রান্তদের জন্য চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের সঙ্গে সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ক্যানসার জয়ীরা নিজেদের চিকিৎসাযাত্রা, সংগ্রাম এবং বেঁচে ফেরার অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা তুলে ধরেন। এসব অভিজ্ঞতা উপস্থিত রোগী, স্বজন ও অংশগ্রহণকারীদের মধ্যে নতুন আশা ও সাহস জোগায়।

২০২৩ সালে প্রতিষ্ঠিত নিবন্ধিত অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) ক্যানসার আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য তথ্য, পরামর্শ, মানসিক স্বাস্থ্যসেবা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির লক্ষ্য ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক শনাক্তকরণে উৎসাহ প্রদান এবং আক্রান্তদের মানবিক সহায়তার পরিধি আরও সম্প্রসারণ করা।
//ডিবিটেক/ বিটিও/ এসএমই//