অনলাইনে ই-রিটার্ন দাখিল শুরু: সেপ্টেম্বর পর্যন্ত জমা দিলে মিলবে ৫% কর ছাড়

২০২৬-২০২৭ করবর্ষের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল সেবা চালু করেছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে নিট করের ওপর ৫% (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) প্রণোদনা পাবেন করদাতারা।

অনলাইনে ই-রিটার্ন দাখিল শুরু: সেপ্টেম্বর পর্যন্ত জমা দিলে মিলবে ৫% কর ছাড়
২২ জুলাই, ২০২৬ ০৯:০০  

২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এনবিআর জানায়, করদাতারা www.etaxnbr.gov.bd পোর্টালের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে সঠিক তথ্য দিয়ে অনলাইনে রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র (Acknowledgement Slip) এবং আয়কর সনদ সংগ্রহ করা যাবে। ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ব্যতিরেকে অফিস চলাকালে এনবিআরের কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে।

সময়মতো রিটার্ন দাখিলে ৫ শতাংশ ছাড়:
এদিকে ২০২৬-২০২৭ করবর্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে নতুন প্রণোদনার ঘোষণা দিয়েছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিল করলে করদাতারা নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা (সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা) পাবেন। সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এই প্রণোদনা মিলবে না এবং ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

অনলাইন রিটার্ন কার জন্য বাধ্যতামূলক:
এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, সব সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতাকে বাধ্যতামূলকভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, সনদপত্র সাপেক্ষে শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক করদাতারা চাইলে কাগজের (পেপার) মাধ্যমেও রিটার্ন জমা দিতে পারবেন। 

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে কোনো সাধারণ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে, সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

প্রসঙ্গত, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন। 
//ডিবিটেক/বিটিও/এসএমই//