২০২৭ সাল থেকে চিপের দাম বাড়াবে টিএসএমসি

২০২৭ সাল থেকে চিপের দাম বাড়াবে টিএসএমসি
২৩ জুলাই, ২০২৬ ১০:৩০  

বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর বা চিপের ক্রমাগত মূল্যবৃদ্ধির ধারা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাইওয়ানের শীর্ষ চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি' (টিএসএমসি) আগামী ২০২৭ সালের শুরু থেকে তাদের উৎপাদিত চিপের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

গ্রাহক ও প্রতিষ্ঠানের ওপর প্রভাব
টিএসএমসির এই সিদ্ধান্তের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এনভিডিয়া, অ্যাপল, কোয়ালকম, এএমডি এবং ইন্টেলের মতো তাদের বড় গ্রাহক বা ক্লায়েন্টদের জন্য যন্ত্রাংশের খরচ বেড়ে যাবে। পরবর্তীতে এর প্রভাব গিয়ে পড়বে সাধারণ ক্রেতাদের ওপর। ফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং স্মার্টওয়াচের মতো দৈনন্দিন ব্যবহারের ইলেক্ট্রনিক পণ্যের দাম আরও বাড়তে পারে।

প্রতিবেদন অনুযায়ী, টিএসএমসি-র তৈরি সর্বাধুনিক '২ ন্যানোমিটার' প্রযুক্তির উন্নত চিপের পাশাপাশি পুরোনো ন্যানোমিটার (যেমন ১২, ১৬ এবং ২৮ ন্যানোমিটার) ক্যাটাগরির চিপের দামও ৫ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পাবে। ফলে গুগলের ভবিষ্যৎ পিক্সেল ফোনের জন্য সম্ভাব্য প্রসেসর 'টেনসর জি১১'-এর পাশাপাশি মধ্যম সারির ডিভাইসগুলোর উৎপাদন খরচও এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে।

মূল্যবৃদ্ধির প্রধান কারণ
প্রযুক্তির মূল উপাদান ও যন্ত্রাংশের মূল্য বৃদ্ধিকে এর প্রধান কারণ হিসেবে দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া তাইওয়ানের বাইরে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে চিপ তৈরির কারখানা বা ফ্ল্যাগশিপ প্ল্যান্ট গড়ে তোলার ব্যয় সামাল দিতেই এই নতুন মূল্য নির্ধারণ করা হচ্ছে বলে জানায় টিএসএমসি।

বিকল্পের খোঁজে প্রযুক্তি জায়ান্টরা
চিপের এই মূল্যবৃদ্ধির আশঙ্কায় অ্যাপলের মতো বড় প্রতিষ্ঠানগুলো এখন অন্যান্য চিপ নির্মাতাদের সাথে আলোচনা শুরু করেছে। অ্যাপল তাদের সরবরাহ চেইনে বৈচিত্র্য আনতে ইন্টেল এবং স্যামসাংয়ের সাথে নতুন চুক্তির চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, ইন্টেল তাদের নতুন 'নোভা লেক' প্রসেসরের ৮০ থেকে ৯০ শতাংশ উপাদান বাইরের প্রতিষ্ঠানের বদলে নিজেদের অভ্যন্তরীণ প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে তৈরি করার পরিকল্পনা করছে। পাশাপাশি মোবাইল প্রসেসর নির্মাতা কোয়ালকমও তাদের চিপ উৎপাদনের জন্য পুনরায় স্যামসাংয়ের ওপর নির্ভর করার কথা ভাবছে। ২০২৭ সালের শুরুতে এই মূল্যবৃদ্ধি কার্যকর হলে তার কয়েক মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে প্রযুক্তিপণ্যের ওপর চূড়ান্ত প্রভাব দৃশ্যমান হবে।

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: জিএসএম এরিনা