ভোটার তালিকা জটিলতা ও আইনি প্রক্রিয়ার পর নতুন নির্বাচনী তফসিল ঘোষণা; ২৭ জুলাই পর্যন্ত সদস্যপদ নবায়নের সুযোগ

স্থগিতের পর বেসিস নির্বাচনের নতুন তফসিল, ভোট ২৬ সেপ্টেম্বর

  • ভোটার তালিকা ও আইনি জটিলতায় আগের নির্বাচন স্থগিত হয়েছিল।
  • ২৭ জুলাই পর্যন্ত সদস্যপদ নবায়নের সুযোগ।
  • ৭ অক্টোবর চূড়ান্ত ফল ঘোষণা হতে পারে।

স্থগিতের পর বেসিস নির্বাচনের নতুন তফসিল, ভোট ২৬ সেপ্টেম্বর
২ জুলাই, ২০২৬ ১৪:৫৩  

দীর্ঘদিনের জটিলতা, ভোটার তালিকা নিয়ে বিতর্ক এবং আইনি প্রক্রিয়ার পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ জুন) বেসিস নির্বাচন বোর্ড এ তফসিল ঘোষণা করে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান তানিয়া ইসলাম এবং সদস্য মোহাম্মদ জাকির হোসেন ও নাসরিন সুলতানার স্বাক্ষরে তফসিল প্রকাশ করা হয়।

নতুন তফসিল অনুযায়ী, ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ১১ সদস্যের নির্বাহী পরিষদ নির্বাচিত হবেন। এর মধ্যে একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন), একজন ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) এবং সাতজন পরিচালক নির্বাচিত হবেন।

আগের নির্বাচন কেন হয়নি

এর আগে ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন ২৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ভোটার তালিকা প্রকাশ এবং প্রার্থী তালিকা ঘোষণার সময়সূচিও নির্ধারণ করা হয়েছিল।

তবে ভোটার তালিকায় সদস্যদের নাম বাদ পড়ার অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং আদালতের স্থগিতাদেশের কারণে নির্বাচন কার্যক্রম থমকে যায়।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কথা ছিল। ১৫ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ৩ জুন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং ৬ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হলেও মনোনয়ন প্রক্রিয়াই শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি।

নতুন তফসিলের গুরুত্বপূর্ণ তারিখ

নতুন তফসিল অনুযায়ী, আগামী ২৭ জুলাই পর্যন্ত সদস্যরা সদস্যপদ নবায়ন এবং ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বার্ষিক চাঁদা ও অন্যান্য পাওনা পরিশোধ করতে পারবেন।

৬ আগস্ট প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। আপত্তি নিষ্পত্তি শেষে ১৩ ও ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড।

১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়ন যাচাই-বাছাই শেষে আপিল নিষ্পত্তি করে ৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি শেষে প্রয়োজন হলে ৭ অক্টোবর সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

প্রয়োজনে তফসিল পরিবর্তনের সুযোগ

নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রয়োজন হলে নির্বাচনী তফসিল পরিবর্তন, পরিমার্জন বা সংশোধনের ক্ষমতা তাদের কাছে সংরক্ষিত থাকবে।

নির্বাচন-সংক্রান্ত সব তথ্য, নির্দেশনা ও বিজ্ঞপ্তি বেসিস কার্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েবসাইট এবং সদস্যদের গ্রুপে প্রকাশ করা হবে বলেও তফসিলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের সফটওয়্যার, তথ্যপ্রযুক্তি সেবা, স্টার্টআপ ও ডিজিটাল শিল্পের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে বেসিসের এ নির্বাচন প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

//ডিবিটেক/এসএইচএ/আইএইচ//