১ শতাংশ সর্বনিম্ন চার্জ কার্যকরের নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্টদের জন্য নতুন ফি নির্ধারণ
দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এবং ক্যাশলেস সোসাইটি গঠন প্রক্রিয়াকে বেগবান করতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) এর মাধ্যমে কেনাকাটায় নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিউআর পেমেন্ট গ্রহণ করলে মার্চেন্টকে সর্বনিম্ন এক শতাংশ চার্জ দিতে হবে।
ডিজিটাল লেনদেনে শৃঙ্খলা আনতে ১ জুলাই, বুধবার নতুন এই নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।
নির্দেশনায় বলা হয়, এনপিএসবি (NPSB) নেটওয়ার্কের আওতায় বাংলা কিউআর ব্যবহার করে যেকোনো পেমেন্ট বা কেনাকাটার ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট হবে সর্বনিম্ন এক শতাংশ। এর মধ্যে ভ্যাটও অন্তর্ভুক্ত থাকবে।
নির্দেশনায় আরও জানানো হয়, ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ছাড়াও এমএফএস (MFS) এবং পিএসপি (PSP) ওয়ালেট ব্যবহার করে যারা কিউআর পেমেন্ট গ্রহণ করবেন, তাদের সবার জন্যই এই চার্জ কার্যকর হবে।
তবে ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠানগুলো চাইলে নিজস্ব উদ্যোগে প্রমোশনাল ক্যাম্পেইন বা অফার দিতে পারবে।
//ডিবিটেক/এআর/এমআই//





