অ্যানথ্রোপিককে ‘মিথোস’ ও ‘ফ্যাবল’ এআই মডেল পুনরায় চালুর অনুমতি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শীর্ষস্থানীয় মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক-এর তৈরি দুটি অত্যাধুনিক এআই মডেল ‘মিথোস ৫’ এবং ‘ফ্যাবল ৫’-এর ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের জন্য মডেল দুটিতে পুনরায় প্রবেশাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ ১ জুলাই থেকে এই মডেলগুলো আবার সচল হতে যাচ্ছে।
মাত্র দুই সপ্তাহ আগে এক জরুরি আদেশে মার্কিন সরকার অ্যানথ্রোপিককে তাদের এই নতুন এআই মডেলগুলোর ব্যবহার স্থগিত করার নির্দেশ দিয়েছিল।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থানরত কোনো বিদেশী নাগরিক বা এমনকি অ্যানথ্রোপিক প্রতিষ্ঠানের নিজস্ব কোনো বিদেশী কর্মীও যেন এই মডেলগুলো ব্যবহার করতে না পারেন। সরকারের এই কঠোর অবস্থানের পর আইনি বাধ্যবাধকতা বজায় রাখতে অ্যানথ্রোপিক সাময়িকভাবে মিথোস ও ফ্যাবলের সমস্ত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগে গত সপ্তাহে মার্কিন সরকার দেশের অতিগুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি অবকাঠামো রক্ষা ও পরিচালনার দায়িত্বে থাকা প্রায় ১০০টি নির্দিষ্ট সংস্থাকে ‘মিথোস ৫’ ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছিল।
‘প্রজেক্ট গ্লাউইং’ নামের একটি সাইবার নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে এই বিশেষ অনুমতি দেওয়া হয়, কারণ মিথোস ৫-কে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী সাইবার নিরাপত্তা বিষয়ক এআই মডেল হিসেবে বিবেচনা করা হয়। তবে সাধারণ জনগণের ব্যবহারের জন্য তৈরি ‘ফ্যাবল ৫’ মডেলটির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক অ্যানথ্রোপিককে একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন যে ফ্যাবল মডেলের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তবে এর আগে প্রতিষ্ঠানটিকে এই মর্মে প্রতিশ্রুতি দিতে হয়েছে যে, তারা এই মডেলগুলোর সাথে জড়িত যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এবং এর অপব্যবহার রুখতে আগে থেকেই সক্রিয় পদক্ষেপ গ্রহণ ও নজরদারি করবে।
এর আগে আমাজনসহ বেশ কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মার্কিন সরকারকে সতর্ক করে বলেছিল, অ্যানথ্রোপিকের এই নতুন মডেলগুলোর নিরাপত্তা দেয়াল ভেঙে (জেলব্রেক) সেগুলোকে অপরাধমূলক বা ক্ষতিকর কাজে ব্যবহার করা সম্ভব। সেই সতর্কবার্তার ভিত্তিতেই মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় মডেল দুটির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল।
তবে অ্যানথ্রোপিক শুরু থেকেই তাদের মডেলগুলোর নিরাপত্তা ব্যবস্থার পক্ষে জোর দাবি জানিয়ে আসছিল এবং অবশেষে মার্কিন সরকারের কাছ থেকে তারা পূর্ণাঙ্গ খালাস পেল।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





