দ্রুত ও সাশ্রয়ী ইমেজ জেনারেটর ‘ন্যানো ব্যানানা ২ লাইট’ আনলো গুগল

দ্রুত ও সাশ্রয়ী ইমেজ জেনারেটর ‘ন্যানো ব্যানানা ২ লাইট’ আনলো গুগল
২ জুলাই, ২০২৬ ১০:১৮  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ছবি ও ভিডিও তৈরির বাজার আরও জমিয়ে তুলতে গুগল তাদের নিজস্ব ইমেজ জেনারেটরের নতুন সংস্করণ ‘ন্যানো ব্যানানা ২ লাইট’ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণটি আগের চেয়ে অনেক বেশি দ্রুতগতিতে কাজ করবে এবং এর পরিচালনা খরচও অনেক কম হবে বলে দাবি করেছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এটি বাজারে ছাড়া হয়।  

গুগল জানিয়েছে, নতুন এই এআই মডেলটির লেটেন্সি বা সাড়া দেওয়ার গতি অনেক কম। এটি মাত্র ৪ সেকেন্ডের মধ্যে যেকোনো নির্দেশ বা প্রম্পট অনুযায়ী চমৎকার ছবি তৈরি করতে পারে। ফলে যারা খুব দ্রুত এবং একসাথে বিপুল পরিমাণ ছবি তৈরি বা পরীক্ষা-নিরীক্ষা করতে চান, তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী একটি মাধ্যম হবে। খরচের দিক থেকেও এটি বেশ সাশ্রয়ী। 

প্রতি ১ হাজার ছবি তৈরির জন্য ব্যবহারকারীদের খরচ করতে হবে মাত্র ০.০৩৪ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় যা মাত্র কয়েক পয়সা)।

গুগলের এই ইমেজ জেনারেটর সিরিজের পথচলা শুরু হয়েছিল গত বছরের গ্রীষ্মে ‘ন্যানো ব্যানানা’র মাধ্যমে, যা জেমিনি ৩.১ ফ্ল্যাশ দ্বারা পরিচালিত হতো। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আসে এর দ্বিতীয় সংস্করণ ‘ন্যানো ব্যানানা ২’। সেটি মূলত বাস্তবসম্মত ছবি তৈরির ক্ষেত্রে বেশ জনপ্রিয়তা পায়। এর পাশাপাশি পেশাদার কাজের জন্য গুগলের ‘ন্যানো ব্যানানা প্রো’ নামের আরও একটি শক্তিশালী ও ব্যয়বহুল মডেল রয়েছে।

গুগলের দাবি, ‘ন্যানো ব্যানানা ২’ যেখানে সব ধরনের সাধারণ কাজের জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম, সেখানে নতুন ‘ব্যানানা ২ লাইট’ সংস্করণটিকে অপ্টিমাইজ বা বিশেষভাবে তৈরি করা হয়েছে অত্যন্ত দ্রুতগতিতে বিপুল পরিমাণ ছবি তৈরির কাজের (হাই-ভলিউম ওয়ার্কফ্লো) জন্য।  

বর্তমানে সাধারণ ব্যবহারকারী ও কনটেন্ট ক্রিয়েটরদের একাংশের মধ্যে এআই দিয়ে তৈরি ছবি বা তথাকথিত ‘এআই স্লপ’ নিয়ে এক ধরনের অসন্তোষ বা নেতিবাচক প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইমেজ ও ভিডিও তৈরির এআই টুলের পেছনে বিপুল বিনিয়োগ অব্যাহত রেখেছে। গুগল মূলত তাদের এই মডেলগুলোকে বিজ্ঞাপন তৈরির জন্য একটি সুবিধাজনক ও সহায়ক হাতিয়ার হিসেবে বিপণন করছে।

এরই মধ্যে হলিউডের বিনোদন জগৎ এবং এআই নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যকার সম্পর্ক আরও জোরদার হচ্ছে, যা চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের একাংশকে বেশ ভাবিয়ে তুলেছে। 

সম্প্রতি গুগল তাদের এআই প্রযুক্তির প্রচার ও ব্যবহারের জন্য জনপ্রিয় স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘এ২৪’-এর সাথে ৭৫ মিলিয়ন বা সাড়ে ৭ কোটি মার্কিন ডলারের একটি বড় চুক্তি করেছে, যা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক সমালোচনা চলছে।

বর্তমানে ‘ন্যানো ব্যানানা ২ লাইট’ মডেলটি গুগল এআই স্টুডিও, জেমিনি এপিআই এবং গুগলের জেমিনি এন্টারপ্রাইজ এজেন্ট প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন এই মডেলটি আসার পর আগের মূল ‘ন্যানো ব্যানানা’ মডেলটিকে গুগল এখন তাদের একটি পুরোনো বা ‘লেগেসি মডেল’ হিসেবে ঘোষণা করেছে।  

একই দিনে গুগল তাদের ভিডিও তৈরির শক্তিশালী মডেল ‘জেমিনি ওমনি ফ্ল্যাশ’-এরও পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা এই বছরের শুরুতে গুগল আই/ও ইভেন্টে প্রথম দেখানো হয়েছিল। এই এআই দিয়ে তৈরি করা ভিডিওর প্রতি সেকেন্ডের জন্য খরচ পড়বে ০.১০ মার্কিন ডলার। এর পাশাপাশি গুগল ‘ওমনি প্রোডাক্ট স্টুডিও’ নামের একটি নতুন ডেমো অ্যাপ্লিকেশন প্রদর্শন করেছে। 

গুগলের দাবি, এই অ্যাপটি ওমনি দিয়ে তৈরি করা যেকোনো স্থির ছবিকে অনায়াসেই বিজ্ঞাপনের উপযোগী আকর্ষণীয় সিনেমাটিক ভিডিওতে রূপান্তর করতে পারবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ