পরিচয় চুরির তথ্য গোপন: ২২ লাখ ডলার জরিমানা গুনছে আমাজন

পরিচয় চুরির তথ্য গোপন: ২২ লাখ ডলার জরিমানা গুনছে আমাজন
১ জুলাই, ২০২৬ ১০:১৯  

গ্রাহকদের পরিচয় চুরির (আইডেন্টিটি থেফট) ঘটনা ধামাচাপা দেওয়া এবং জালিয়াতির তথ্য সরবরাহ না করার অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সাথে একটি আইনি সমঝোতায় পৌঁছেছে ই-কমার্স জায়ান্ট আমাজন। 

সমঝোতা অনুযায়ী, প্রতিষ্ঠানটি জরিমানা হিসেবে ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৬ কোটি টাকা) নাগরিক জরিমানা দিতে রাজি হয়েছে। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ‘ফেয়ার ক্রেডিট রিপোর্টিং অ্যাক্ট’ বা ন্যায়সংগত ক্রেডিট রিপোর্টিং আইন অনুযায়ী, কোনো গ্রাহক পরিচয় চুরির শিকার হলে এবং তার নামে কোনো ভুয়া বা জালিয়াতিপূর্ণ লেনদেন করা হলে, অনুরোধ পাওয়ার ৩০ দিনের মধ্যে সেই লেনদেনের নথিপত্র ভুক্তভোগীকে বিনামূল্যে সরবরাহ করা যেকোনো প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। তবে আমাজনের বিরুদ্ধে অভিযোগ, তারা এই নিয়ম চরমভাবে লঙ্ঘন করেছে।  

আদালতে জমা দেওয়া এফটিসির অভিযোগে বলা হয়, বহু গ্রাহক তাদের নাম ও ক্রেডিট কার্ড ব্যবহার করে আমাজনে হওয়া ভুয়া কেনাকাটার তথ্য জানতে চাইলে আমাজনের গ্রাহক সেবা কর্মীরা নিরাপত্তা ও গোপনীয়তার অজুহাত দেখিয়ে তা প্রত্যাখ্যান করেন। কোনো কোনো ক্ষেত্রে ভুক্তভোগীদের বলা হয়েছিল, আমাজন কর্মীরা এই তথ্য দেখতে পাচ্ছেন না। এমনকি এফটিসি জানায়, আমাজন অনেক ভুক্তভোগীকে এমন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি করেছে যেখানে বলা হয়েছিল—যে চোর আপনার তথ্য চুরি করেছে, আগে তার নাম সঠিকভাবে অনুমান করে বলুন, তবেই নথিপত্র দেওয়া হবে!  

ভুক্তভোগী সাধারণ মানুষ ছাড়াও তথ্য সহায়তার জন্য আবেদন করা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এই তথ্য দিতে অস্বীকৃতি জানায় আমাজন। আর কিছু ক্ষেত্রে তথ্য দিলেও তা আইনি সময়সীমা বা ৩০ দিনের অনেক পরে দেওয়া হয়েছিল।

এফটিসির ভোক্তা সুরক্ষা ব্যুরোর পরিচালক ক্রিস্টোফার মুফারিগে এক বিবৃতিতে বলেন, "আইন অনুযায়ী ভুক্তভোগীরা যেসব নথিপত্র পাওয়ার অধিকার রাখেন, আমাজন তা আটকে রেখে তাদের এক চরম হয়রানির মধ্যে ফেলেছিল। প্রতিষ্ঠানগুলো আইনি দায়বদ্ধতা এভাবে এড়িয়ে যাবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"  

এই সমঝোতার পর আমাজনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা এফটিসির সাথে বিষয়টি নিষ্পত্তি করেছে এবং যারা পরিচয় চুরির শিকার হয়েছেন, তাদের জন্য তথ্য পাওয়ার প্রক্রিয়াটি আরও সহজ ও উন্নত করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট