এবার পারপ্লেক্সিটির বিরুদ্ধে সিএনএনের মামলা

এবার পারপ্লেক্সিটির বিরুদ্ধে সিএনএনের মামলা
৩০ মে, ২০২৬ ০৯:২১  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্ববাজারে মেধা সম্পত্তি এবং কপিরাইট লঙ্ঘন নিয়ে বিতর্ক আরও তীব্র রূপ নিয়েছে। এবার বিশ্বখ্যাত মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জনপ্রিয় এআই সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম ‘পারপ্লেক্সিটি’-এর বিরুদ্ধে বিশাল অঙ্কের কপিরাইট লঙ্ঘনের মামলা ঠুকে দিয়েছে। সিএনএন-এর অভিযোগ, তাদের ওয়েবসাইট থেকে অবৈধভাবে প্রায় ১৭ হাজারেরও বেশি মৌলিক সংবাদ ও কন্টেন্ট চুরি করে নিজেদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছে এই এআই কোম্পানিটি।

গত বৃহস্পতিবার দায়ের করা এই মামলায় সিএনএন দাবি করেছে, বিলিয়ন ডলার মূল্যের স্টার্টআপ পারপ্লেক্সিটি সম্পূর্ণ বেআইনিভাবে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের কনটেন্ট স্ক্র্যাপ এবং কপি করছে। এমনকি সিএনএন-এর যেসব প্রিমিয়াম নিউজ পড়তে টাকা লাগে, সেগুলোও পারপ্লেক্সিটি তাদের পেইড সাবস্ক্রাইবারদের সামনে হুবহু হাজির করছে।

ভুল তথ্য দিয়ে সিএনএন-এর ব্র্যান্ড ভ্যালু নষ্টের অভিযোগ
মামলায় কেবল কনটেন্ট চুরির অভিযোগই আনা হয়নি, বরং ট্রেডমার্ক লঙ্ঘনের গুরুতর অভিযোগও করা হয়েছে। সিএনএন-এর আইনজীবীরা জানিয়েছেন, পারপ্লেক্সিটির এআই টুল অনেক সময় মনগড়া বা সম্পূর্ণ ভুল তথ্য তৈরি করে তা সিএনএন-এর খবর হিসেবে ব্যবহারকারীদের সামনে উপস্থাপন করছে। এর ফলে বিশ্বস্ত সংবাদমাধ্যম হিসেবে সিএনএন-এর যে ব্র্যান্ড ইমেজ বা সুনাম রয়েছে, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সিএনএন-এর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “পারপ্লেক্সিটির মতো কয়েক দশ বিলিয়ন ডলারের একটি কোম্পানি অন্যের তৈরি করা মৌলিক কনটেন্ট চুরি করে নিজেদের ব্যবসা চালাতে পারে না। মাঠপর্যায়ে মানুষের করা সাংবাদিকতার ওপর ভিত্তি করেই বিশ্ববাসী সত্য জানতে পারে, যা তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। বাণিজ্যিক স্বার্থে যারা এটি ব্যবহার করবে, তাদের অবশ্যই এর সঠিক মূল্য পরিশোধ করতে হবে।”

ব্যর্থ হয়েছিল গোপন চুক্তি, অনড় পারপ্লেক্সিটি
মামলার নথিপত্র থেকে জানা গেছে, গত বছর সিএনএন এবং পারপ্লেক্সিটির মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা চলেছিল। চুক্তি অনুযায়ী, পারপ্লেক্সিটির পেইড গ্রাহকদের জন্য সিএনএন-এর প্রিমিয়াম কনটেন্ট ব্যবহারের বৈধতা দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা ভেস্তে যায়। চুক্তি না হওয়া সত্ত্বেও এবং সিএনএন-এর আইনি দলের বারবার সতর্কতা সত্ত্বেও পারপ্লেক্সিটি তাদের এআই টুলে সিএনএন-এর নাম ও কনটেন্ট ব্যবহার বন্ধ করেনি।

অবশ্য এই মামলার প্রেক্ষিতে পারপ্লেক্সিটি-র চিফ কমিউনিকেশনস অফিসার জেসি ডয়ার সিএনএন-কে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, “আপনি বাস্তব সত্য বা ইনফরমেশনের ওপর কখনো কপিরাইট দাবি করতে পারেন না।”

এআই বনাম মিডিয়া হাউজ: দীর্ঘ হচ্ছে আইনি লড়াইয়ের তালিকা
পারপ্লেক্সিটি-র বিরুদ্ধে কনটেন্ট চুরির মামলায় সিএনএন একাই প্রথম নয়। এর আগে নিউ ইয়র্ক টাইমস, শিকাগো ট্রিবিউন, বিশ্বখ্যাত ডিকশনারি মেরিয়াম-ওয়েবস্টার, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, জাপানের নিক্কেই এবং সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট-এর মতো বড় বড় প্রতিষ্ঠান পারপ্লেক্সিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রযুক্তি ও গণমাধ্যম খাতের এই প্রকাশ্য সংঘাত ভবিষ্যতের এআই প্রযুক্তি এবং কপিরাইট আইনের সীমানা নির্ধারণে এক ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট