সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা: ছবি ও তথ্য সংশোধন করল বিএমপি
ইয়াবা কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে এসআই শোকজ
বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আটক এক মাদক কারবারির আর্জেন্টিনার জার্সি এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সিতে রূপান্তর করায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেলের এসআই তানজিল আহমেদকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলে পরে বিএমপি প্রকৃত ছবি ও সঠিক তথ্য প্রকাশ করে।
ইয়াবাসহ আটকের সময়ে এক মাদক কারবারির গায়ে আর্জেন্টিনার জার্সি থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তাকে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে ছবি সরবরাহ করার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ শোকজ করার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএমপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা তানজিলকে তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর দেওয়া জবাবের প্রেক্ষিতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
বিএমপির কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। রাসেল আর্জেন্টিনার সমর্থক এবং গ্রেপ্তারের সময়ে তাঁর গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা থেকে জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়। তবে এসআই তানজিল এআই প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে রাসেলকে ব্রাজিলের জার্সি পরিয়ে দেন এবং সেই ছবি বিএমপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমের মেইলে ও হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান।
এ নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনা শুরু হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে প্রকৃত ছবি ও সঠিক তথ্যসহ নতুন করে বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ই-মেইল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে পোস্ট করা হয়।
বিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, এসআই তানজিল ঘটনা স্বীকার করে বলেছেন যে, গত সোমবার বিশ্বকাপে ব্রাজিলের খেলা ছিল। মূলত আলোড়ন সৃষ্টির জন্যই তিনি কাজটি করেছেন। ঘটনার বিষয়ে এসআই তানজিল আহমেদ জানান, তিনি এটি দুষ্টুমির ছলে করেছিলেন এবং এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
//ডিবিটেক/ডিএস/ ইকে//





