ফর্মুলা স্টুডেন্টে অটোমোটিভ উদ্ভাবনের জাতীয় মঞ্চ
এমআইএসটিতে প্রথমবার বসেছিলো অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট
দেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬–এ শিক্ষার্থী, গবেষক, প্রকৌশলী ও শিল্পসংশ্লিষ্টদের অংশগ্রহণে অটোমোটিভ প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা, প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
দেশের অটোমোটিভ প্রকৌশল ও শিক্ষার্থীভিত্তিক যানবাহন উদ্ভাবনকে নতুন পর্যায়ে নিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬’।
রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে ২৫ জুন, বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে এমআইএসটির শিক্ষার্থীভিত্তিক ফর্মুলা স্টুডেন্ট দল ‘এমআইএসটি ব্লিটজ’ এবং বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি।
আয়োজকদের তথ্যমতে, এটি ছিল দেশের প্রথম জাতীয় পর্যায়ের আয়োজন যেখানে শিক্ষার্থী, প্রকৌশলী, গবেষক, শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধি ও নীতিনির্ধারকেরা একই প্ল্যাটফর্মে অংশ নেন। আয়োজনে প্রায় আড়াই হাজারের বেশি অংশগ্রহণকারী ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।
সামিটের মূল লক্ষ্য ছিল অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং একাডেমিয়া–শিল্প সহযোগিতার ভিত্তি শক্তিশালী করা।
অনুষ্ঠানে অটোমোটিভ প্রযুক্তি, ফর্মুলা স্টুডেন্ট প্রকৌশল এবং অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং (ওইইএম) খাতের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে টেকনিক্যাল সেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ভবিষ্যৎ যানবাহন উন্নয়ন, প্রকৌশল নকশা এবং শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষতা নিয়ে মতবিনিময় হয়।
শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় ফর্মুলা ফিউচার বিজনেস কেস প্রতিযোগিতা, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস ও কুইজ, কনসেপ্ট কার চ্যালেঞ্জ, কম্পিউটার–এইডেড ডিজাইন (ক্যাড) প্রতিযোগিতা এবং পোস্টার উপস্থাপনা।
দর্শনার্থীদের জন্য ছিল কার প্রদর্শনী, গো-কার্ট রেসিং ও সিমুলেটর রেসিং। কার প্রদর্শনীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা স্টুডেন্ট রেসিং কারের পাশাপাশি উচ্চক্ষমতাসম্পন্ন বিভিন্ন গাড়ি প্রদর্শিত হয়।
মূল আয়োজনের আগে ‘ট্র্যাকটক ২০২৬’ শীর্ষক অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে দেশি–বিদেশি অটোমোবাইল শিল্প–বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের সঙ্গে ফর্মুলা স্টুডেন্ট, মোটরস্পোর্টস প্রকৌশল এবং উচ্চক্ষমতাসম্পন্ন যান উন্নয়ন নিয়ে অভিজ্ঞতা ভাগ করেন।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং শিক্ষা, শিক্ষার্থীভিত্তিক গবেষণা এবং ভবিষ্যৎ মোটর প্রযুক্তি ইকোসিস্টেম গঠনে নতুন গতি যোগ করতে পারে।
//ডিবিটেক/আইএসপিআর/এমআই//





