এআই প্রযুক্তির ব্যবহারে একাডেমিক সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান উপাচার্যের

যবিপ্রবিতে উচ্চমানের গবেষণা প্রবন্ধ প্রকাশ বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষকদের আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের দক্ষতা বাড়াতে আইকিউএসির উদ্যোগে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

যবিপ্রবিতে উচ্চমানের গবেষণা প্রবন্ধ প্রকাশ বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
২৩ জুন, ২০২৬ ১৪:১৮  

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের নিয়ে “রাইটিং অ্যান্ড পাবলিশিং হাই ইমপ্যাক্ট রিসার্চ পেপার” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে শিক্ষকদের আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের দক্ষতা বৃদ্ধিতে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান।

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল গবেষণা সরঞ্জাম ব্যবহার করার ক্ষেত্রে গবেষকদের অবশ্যই সততা ও একাডেমিক নৈতিকতা বজায় রাখতে হবে। বিশেষ করে নবীন গবেষকদের এআই ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট জার্নালের নীতিমালা ও ডিক্লেয়ারেশনের বিষয়টি গুরুত্বের সাথে মাথায় রাখার পরামর্শ দেন তিনি।

প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবি আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হক। বক্তারা বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে এই ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 কর্মশালায় যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং আমন্ত্রিত গবেষকবৃন্দ অংশ নেন।
//ডিবিটেক/এনএইচ/ডিএইচএম//