ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ব্যাংকিং অ্যাপের সাথে যুক্ত হলো মোবাইল আর্থিক সেবা
ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা স্থানান্তরের ডিজিটাল সেবা চালু
ওয়ান ব্যাংক পিএলসি-এর ব্যাংকিং অ্যাপ থেকে মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এ তাৎক্ষণিকভাবে তহবিল স্থানান্তরের যৌথ সেবা চালু করেছে প্রতিষ্ঠান দুটি।
গ্রাহকদের ডিজিটাল লেনদেন সুবিধা আরও সহজ করতে ওয়ান ব্যাংক পিএলসি-এর ব্যাংকিং অ্যাপ থেকে মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এ তাৎক্ষণিকভাবে টাকা স্থানান্তরের সেবা চালু করা হয়েছে।
২৩ জুন, মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের ফলে ওয়ান ব্যাংকের গ্রাহকেরা এখন থেকে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে যেকোনো সময় নিরাপদে নগদের ওয়ালেটে তহবিল স্থানান্তর করতে পারবেন, যা দেশের ক্যাশলেস লেনদেনের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে
সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান।
অনুষ্ঠানে নগদ প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মধ্যে এই ধরনের আন্তঃসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ভূমিকা রাখবে। ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান জানান, ডিজিটাল ইকোসিস্টেম গ্রহণ ও গ্রাহক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই ওয়ান ব্যাংকের লক্ষ্য। এই অংশীদারিত্ব কেন্দ্রীয় ব্যাংকের ক্যাশলেস অর্থনীতি গড়ার লক্ষ্যকে গতিশীল করবে।
অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ডিটি/ইকে//





