দেশেই মিলছে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের এআই অ্যাপ ‘এলসা’
ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ ‘এলসা স্পিক’ (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট)। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ বিশ্বের ১৯০টি দেশের ৮ কোটির বেশি মানুষ ব্যবহার করছে।
এবার এলসা করপোরেশনের এই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নিয়ে এলো বাংলাদেশী এডটেক প্রতিষ্ঠান ব্যাকবন লিমিটেড। ফলে এতদিন বাংলাদেশ থেকে যারা ব্যবহার করতেন তারা এলসার ওয়েবসাইট থেকে সরাসরি ক্রয় করতেন। আর এখন বাংলাদেশের থেকে যারা ব্যবহার করবেন তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে পার্সেস করবেন। তারা আমাদের ওয়েবসাইট থেকে ডিসকাউন্ট নিয়ে ব্যবহার করতেপারবেন।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ইংরেজি বলার দক্ষতা বাড়াতে এলসা স্কুল এবং বিজনেস করপোরেট বা অফিসে ব্যবহারের জন্য এলসা বিজনেস- দুটি অ্যাপেই মিলবে বাংলাদেশে।
|
রাজধানীর গুলশানের একটি হোটেলে ২৫ জুলাই, শুক্রবার অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অ্যাপটি উন্মোচনের ঘোষণা কথা জানান যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম। তার উপস্থিতিতেই চুক্তিতে সই করেন এলসা করপোরেশনের রাজস্ব বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইল পোলেস এবং ব্যাকবন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন। এসময় ব্যাকবন লিমিটেডের নির্বাহী পরিচালক আরিফ উল্লাহ খান ও মানবসম্পদ বিভাগের পরিচালক আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। |
![]() |
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৮ কোটিরও বেশি ব্যবহারকারী এ পর্যন্ত এলসা স্পিক অ্যাপটি ব্যবহার করেছেন। মূলত উচ্চারণ ও সাবলীলভাবে ইংরেজি বলার দক্ষতা বাড়াতে সহায়ক এই অ্যাপটি মোবাইল প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে কাজ করে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই অ্যাপ ব্যবহারকারীর উচ্চারণ বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে ফিডব্যাক দিয়ে দক্ষতা উন্নয়নে সহায়তা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, বর্তমান যুগে এআই প্রযুক্তি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। এলসা স্পিক অ্যাপ তরুণ প্রজন্মের জন্য এক যুগান্তকারী সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। বিশ্ববাজারে টিকে থাকতে হলে আন্তর্জাতিক মানের ইংরেজি দক্ষতা অপরিহার্য। সেই চাহিদা পূরণে এলসার মতো প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।








