আরএফআইডি প্রযুক্তিতে বন্দি শনাক্তকরণ, ভার্চুয়াল লেনদেন ও ক্যান্টিন ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর

মুন্সিগঞ্জ কারাগারে দেশের প্রথম ক্যাশলেস কারা ব্যবস্থাপনা চালু

দেশের কারা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়ের সূচনা করে মুন্সিগঞ্জ জেলা কারাগারে চালু হয়েছে প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’। আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে বন্দিদের অবস্থান শনাক্ত, ওয়ার্ডভিত্তিক গণনা এবং নগদবিহীন লেনদেন ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জ কারাগারে দেশের প্রথম ক্যাশলেস কারা ব্যবস্থাপনা চালু
২১ জুন, ২০২৬ ১০:০৭  

আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’ চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে বন্দিদের নিরাপত্তা, অবস্থান পর্যবেক্ষণ এবং আর্থিক লেনদেন ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর আনা হয়েছে।

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তর জানায়, নতুন এ ব্যবস্থায় আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তির মাধ্যমে বন্দিদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। একই সঙ্গে বন্দি ওয়ার্ডে উপস্থিতি ও গণনা কার্যক্রমও প্রযুক্তিগতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ক্যাশলেস ব্যবস্থার আওতায় বন্দিদের আত্মীয়-স্বজনের দেওয়া অর্থ সরাসরি ভার্চুয়াল পদ্ধতিতে সংশ্লিষ্ট বন্দির হিসাবে জমা হবে। পরবর্তীতে বন্দিরা আরএফআইডি-সমর্থিত ব্যবস্থার মাধ্যমে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।

কারা অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, এই ব্যবস্থায় কারাগারের অভ্যন্তরে নগদ অর্থের ব্যবহার বন্ধ থাকবে। এর ফলে লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ার পাশাপাশি বন্দিদের অবস্থান ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।

সংস্থাটি আরও জানায়, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ কারা নিরাপত্তা জোরদার, তথ্য ব্যবস্থাপনা সহজীকরণ এবং সেবার মান উন্নয়নে সহায়ক হবে। মুন্সিগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য কারাগারেও সম্প্রসারণের ভিত্তি তৈরি করতে পারে।

//ডিবিটেক/পিআর/এমআই//