ডিপমাইন্ড ছেড়ে অ্যানথ্রোপিকে যোগ দিচ্ছেন নোবেলজয়ী জন জাম্পার

ডিপমাইন্ড ছেড়ে অ্যানথ্রোপিকে যোগ দিচ্ছেন নোবেলজয়ী জন জাম্পার
২১ জুন, ২০২৬ ১৪:৫৭  

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ প্রতিভাদের ধরে রাখার লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেল গুগল। ডিপমাইন্ডে প্রায় ৯ বছর কাজ করার পর প্রতিষ্ঠানটি ছেড়ে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী এআই স্টার্টআপ ‘অ্যানথ্রোপিক’-এ যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী জন জাম্পার। শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।  

এক্সে দেওয়া পোস্টে জাম্পার গুগলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “পিএইচডি শেষ করার মাত্র ছয় মাসের মাথায় ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিস আমার ওপর আস্থা রেখে আমাকে ‘আলফাফোল্ড’ দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছিলেন। দুর্দান্ত বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতি কেমন হওয়া উচিত, তা এই পুরো দল আমাকে শিখিয়েছে। ডিপমাইন্ড সবসময়ই একটি বিশেষ জায়গা এবং ভবিষ্যতে তারা কী ধরনের নতুন আবিষ্কার করে, তা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব।”  

জন জাম্পার এবং ডেমিস হাসাবিস যৌথভাবে ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাঁদের তৈরি ‘আলফাফোল্ড’ মূলত একটি অত্যন্ত শক্তিশালী এআই মডেল, যা প্রোটিনের জিনগত বিন্যাসের ওপর ভিত্তি করে তার ত্রিমাত্রিক গঠন নিখুঁতভাবে পূর্বাভাস দিতে পারে। জীববিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটিকে অন্যতম সেরা আবিষ্কার হিসেবে গণ্য করা হয়।  

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিপমাইন্ডের নোবেলজয়ী এই বিজ্ঞানী সম্প্রতি গুগলের এআই কোডিং টুল তৈরির প্রজেক্টে যুক্ত ছিলেন, যা বাণিজ্যিক ক্ষেত্রে বিক্রি করতে গুগল বেশ কিছুদিন ধরে হিমশিম খাচ্ছে। কিছুদিনের সংক্ষিপ্ত বিরতি বা বিশ্রামের পর জাম্পার অ্যানথ্রোপিকে তাঁর কাজ শুরু করবেন। তবে সেখানে তিনি কোন পদে বা কী দায়িত্বে যোগ দিচ্ছেন, তা এখনও প্রকাশ করা হয়নি।  

প্রযুক্তি বিশ্বে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরির প্রতিযোগিতা যখন তুঙ্গে, ঠিক তখনই গুগল ডিপমাইন্ডের একের পর এক শীর্ষ গবেষক দল পরিবর্তন করছেন। জন জাম্পারের এই দলবদলের ঠিক একই সপ্তাহে ডিপমাইন্ডের আরেকজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ও ‘ক্যারেক্টার এআই’-এর সহ-প্রতিষ্ঠাতা নোয়াম শাজিরও গুগল ছাড়ার ঘোষণা দিয়েছেন, যিনি যোগ দিচ্ছেন চ্যাটজিপিটি-র নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইতে। একের পর এক শীর্ষ বিজ্ঞানীর এই প্রস্থানকে গুগলের এআই সাম্রাজ্যের জন্য একটি বড় ক্ষতি হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ