একবার পড়লেই মুছে যাবে টেক্সট, হোয়াটসঅ্যাপে আসছে নতুন সুবিধা
ছবি, ভিডিও এবং ভয়েস মেসেজের পর এবার টেক্সট বা সাধারণ বার্তার ক্ষেত্রেও ‘ভিউ ওয়ান্স’ বা একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার ফিচার নিয়ে আসছে জনপ্রিয় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানকারী অ্যাপ হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে মেটা-র মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় সংস্করণের পরীক্ষামূলক বা বেটা সংস্করণে এই সুবিধাটির পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার ট্র্যাকিংকারী নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘ডব্লিউএবেটাইনফো’ জানিয়েছে, অ্যাপটির নতুন বেটা সংস্করণে কোনো বার্তা লেখার পর ‘সেন্ড অ্যাজ ভিউ ওয়ান্স’ বা একবার পড়ার জন্য পাঠানোর একটি নতুন বোতাম দেখা যাচ্ছে। এই সুবিধা ব্যবহার করে কোনো বার্তা পাঠানো হলে, প্রাপক সেটি কেবল একবারই খুলে পড়ার সুযোগ পাবেন। পড়া শেষ করে চ্যাট উইন্ডো থেকে বের হওয়া মাত্রই বার্তাটি চিরতরে মুছে যাবে।
ব্যবহারকারীদের সুরক্ষাকে আরও জোরদার করতে এই ধরনের বার্তার ক্ষেত্রে কপি, ফরওয়ার্ড বা অন্য কারও সঙ্গে শেয়ার করার সুবিধা বন্ধ রাখবে হোয়াটসঅ্যাপ। এমনকি প্রাপক যাতে এই বার্তার কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং নিতে না পারেন, সেটির জন্যও প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্লক বা নিষেধাজ্ঞা যুক্ত থাকবে।
মেটা-র অন্যান্য প্ল্যাটফর্ম যেমন—মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ছাড়াও স্ন্যাপচ্যাট এবং টেলিগ্রামে এই সুবিধা অনেক আগে থেকেই রয়েছে। এত দিন হোয়াটসঅ্যাপে এই সুবিধা না থাকায় ব্যবহারকারীরা কোনো টেক্সট লিখে সেটির স্ক্রিনশট নিয়ে ছবি আকারে ‘ভিউ ওয়ান্স’ করে পাঠাতেন।
নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীদের সেই জটিলতা দূর হবে। আপাতত অ্যাপলের টেস্টফ্লাইট বা পরীক্ষামূলক ধাপে থাকায় খুব শিগগিরই বিশ্বজুড়ে সব সাধারণ ব্যবহারকারীর জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





