ঈদে আইস্ক্রিন ছয় সিনেমা

ঈদে আইস্ক্রিন ছয় সিনেমা
২৭ মে, ২০২৬ ১৬:০০  

ঈদুল আজহাকে সামনে রেখে দর্শকদের জন্য জমজমাট কনটেন্টের আয়োজন নিয়ে হাজির হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। ঈদের ছুটিতে বিনোদনের মাত্রা বাড়াতে একের পর এক আলোচিত সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।

ইতোমধ্যে ছয়টি সিনেমার তালিকা প্রকাশ করেছে আইস্ক্রিন। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ইন্ডাস্ট্রি হিট সিনেমা বরবাদ। সিনেমাটি আগামী ৭ জুন আইস্ক্রিনে মুক্তি পাবে।

ঈদ উপলক্ষে ঘোষিত কনটেন্ট লাইনে আগামী ২৭ মে মুক্তি পাচ্ছে রাক্ষস। সিয়াম আহমেদ অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় আসে।

এদিকে ২৬ মে মুক্তি পেয়েছে আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম সারার সংসার। আকা রেজা গালিব পরিচালিত এই নারীপ্রধান সিনেমাটি নির্মিত হয়েছে কাজী আনোয়ার হোসেন–এর উপন্যাস অবলম্বনে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ।

ঈদের বিশেষ তালিকায় আরও রয়েছে শান, জংলি এবং পায়ের তলায় মাটি নাই। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আবু শাহেদ ইমন।

আইস্ক্রিন জানিয়েছে, কোরবানির ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রতিদিন একটি করে সিনেমা মুক্তি দেওয়া হবে। প্রকাশিত সূচি অনুযায়ী— ২৬ মে ‘সারার সংসার’, ২৭ মে ‘রাক্ষস’, ২৮ মে ‘শান’, ২৯ মে ‘জংলি’, ৩০ মে ‘পায়ের তলায় মাটি নাই’ এবং ৭ জুন ‘বরবাদ’ দেখা যাবে।

ঈদকে ঘিরে বড়পর্দার আলোচিত সিনেমাগুলোর ধারাবাহিক ওটিটি মুক্তির ঘোষণায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উন্মাদনা। বিশেষ করে যারা প্রেক্ষাগৃহে সিনেমাগুলো দেখতে পারেননি, তাদের জন্য ঘরে বসেই সিনেমা উপভোগের সুযোগ তৈরি করছে আইস্ক্রিন।

/ডিবিটেক/এসএ/ইকে/