প্রযুক্তিনির্ভর নজরদারিতে জোর বিমান প্রকল্পে
বিমান ও পর্যটন খাতের চলমান প্রকল্পে প্রযুক্তিনির্ভর নজরদারি, অগ্রগতি পর্যবেক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন আফরোজা খানম। তিনি বলেছেন, সরকারি প্রকল্প বাস্তবায়নে ডিজিটাল মনিটরিং ও কার্যকর তদারকি জোরদার করতে হবে, যাতে কাজের গতি ও মান নিশ্চিত করা যায়।
২৩ মে, শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল ২০২৬ মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পগুলোর অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। নতুন কোনো প্রকল্প গ্রহণের আগে এর আর্থিক সক্ষমতা ও বাস্তবায়ন কাঠামো প্রযুক্তিভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করারও নির্দেশ দেন তিনি।
আফরোজা খানম বলেন, যেকোনো অবকাঠামো নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা ও কার্যকর তদারকি ব্যবস্থা থাকতে হবে। ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এজন্য সব পর্যায়ে কঠোর নজরদারি বজায় রাখতে হবে।
ফাহমিদা আখতার-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা।
/ডিবিটেক/এনএ/এমইউএম/



